ই-টিআইএনের জন্য ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর ই আহসান সরকারি চাকরি করেন। অফিস রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে। তিনি প্রতিবছর কর দেন। এবারও দেবেন। গতবার পুরোনো কর শনাক্তকারী নম্বর (টিআইএন) দিয়ে কর দিয়েছেন। এবার আর সম্ভব নয়। বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে ইলেকট্রনিক বা ই-টিআইএন লাগবে। ই-টিআইএন নেওয়ার জন্য কর অফিসে যাওয়ার সময় পাচ্ছিলেন না তিনি। আবার বাসায় ইন্টারনেট ব্যবহার করেও ই-টিআইএন নিতে পারছিলেন না।

তাই গতকাল মঙ্গলবার ই-টিআইএন নিতে নূর ই আহসান রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসেছেন। এখানে করমেলা চলছে। কর কর্মকর্তারাই সব ধরনের সেবা দিচ্ছেন। মূলত পুরোনো টিআইএনের বিপরীতে পুনর্নিবন্ধন করে ই-টিআইএন নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাসায় চেষ্টা করে পারিনি, তাই করমেলায় এসেছি। এখানে কর কর্মকর্তারাই সব করে দিয়েছেন।’

রাজধানীর গুলবাগের সাইদুল ইসলাম এসেছেন তাঁর বাবার ই-টিআইএন নিতে। তাঁর বাবার বয়স বেশি হওয়ায় খুব একটা চলাফেরা করতে পারেন না। তাই ছেলেকেই পাঠিয়েছেন মেলা থেকে ই-টিআইএন নেওয়ার জন্য। ছেলে সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘করমেলার মাধ্যমে ই-টিআইএন নিলে কোনো বাড়তি খরচ করতে হয় না। হয়রানি হওয়ার আশঙ্কা থাকে না।’

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক সৈয়দ আলাউদ্দিন মেলায় এসে ই-পেমেন্টের মাধ্যমে কর দিয়েছেন। মেলায় মাত্র আধা ঘণ্টার মধ্যে কর দিয়ে চলে গেছেন।

গতকাল রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সাত দিনব্যাপী এই করমেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেলার আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশেই করমেলা হচ্ছে ও হবে। কর পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে সোনালী ও জনতা ব্যাংকের বুথও রয়েছে।

মেলায় বেশ কয়েক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। ই-টিআইএন প্রদান, ই-টিআইএনের ভুল সংশোধন, ই-পেমেন্ট, আয়কর বিবরণী দাখিল ইত্যাদি সেবা দেওয়া হচ্ছে। মেলায় ১২৪টি বুথ রয়েছে। এর মধ্যে রিটার্ন দাখিলের জন্য ৪৪টি, ই-টিআইএনের জন্য ২৪টি, অধিক্ষেত্র জানার জন্য নয়টি এবং ই-পেমেন্টের জন্য একটি বুথ রয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক বুথে করদাতাদের সহায়তা দেওয়া হয়।

চলতি করবর্ষে ই-টিআইএন ছাড়া বিবরণী দাখিলের সুযোগ নেই। তাই মেলার প্রথম দিনে ই-টিআইএনের বুথগুলোতে তুলনামূলক বেশি ভিড় ছিল। এসব বুথের সামনে করদাতাদের জটলা গেছে। অন্যদিকে আয়কর বিবরণী দাখিলের বুথগুলোতে ভিড় ছিল কম।

করদাতাদের অনেকেই অবশ্য অভিযোগ করেছেন, একটি সেবা নিতে কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে। পর্যাপ্ত বুথ ও লোকবল না থাকায় অনেককে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ছাড়া অফিসার্স ক্লাব ভিআইপি এলাকায় হওয়ায় যথেষ্ট গণপরিবহন চলাচল করতে দেওয়া হয় না। আবার মালিবাগ-মগবাজার উড়ালসড়ক নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই এলাকায় এমনিতেই তীব্র যানজট থাকে। তাই অনেক করদাতা এক থেকে দেড় কিলোমিটার হেঁটে এসেছেন।

সারা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলার প্রথম দিনে ৫১ হাজার ২২৩ জন করদাতা সেবা নিয়েছেন। এর মধ্যে নতুন টিআইএন নিয়েছেন এক হাজার ৮৩১ জন। আর পুনর্নিবন্ধন নিয়েছেন ৯৯৫ জন।

মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ১৩ হাজার ৪৫১টি। এতে এনবিআরের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৩৭ কোটি টাকা। এ বছর মেলা থেকে দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। ঢাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে।

 শীর্ষ করদাতাদের সিআইপি মর্যাদা:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল সকালে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, সদস্য বশিরউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, সরকার শীর্ষ করদাতাদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা দেওয়ার কথা চিন্তা করছে। তিনি আরও বলেন, ‘করব্যবস্থায় মূল সমস্যা হলো ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১৩ লাখ করদাতা নিয়মিত কর দেন। কর আদায় করতে গিয়ে যেন মানুষ দুঃখ না পায়, কষ্ট না পায়, ভয়ভীতি না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ মেলার মাধ্যমে করদাতাদের আস্থায় আনতে হবে। প্রত্যক্ষ কর বাড়লে মানুষকে আরও সেবা দিতে পারবে সরকার।’

বাণিজ্যমন্ত্রী জানান, একসময় খাদ্যে ঘাটতি ছিল। এখন কিছু উদ্বৃত্ত থাকে। তাই সরকার মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে খাদ্যশস্য রপ্তানি করতে চায়। ইতিমধ্যে সরকার সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।

গোলাম হোসেন বলেন, শীর্ষ করদাতারা যাতে সিআইপি মর্যাদা পান, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মত নিয়ে শীর্ষ করদাতাদের সিআইপি মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।