ই-টিআইএনের সব সেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্বয়ংক্রিয় কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) সংক্রান্ত সব সেবা প্রদানের জন্য বিশেষ কেন্দ্র খুলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)৷
রাজধানীতে ইস্কাটনের রাশেদ খান মেনন সড়কে অবস্থিত বিসিএস কর একাডেমিতে এই কেন্দ্র গতকাল বুধবার চালু হয়েছে৷ আগামী ৩০ জুন পর্যন্ত এই কেন্দ্রে সেবা পাবেন করদাতারা৷
এই বিশেষ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, আগামী ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রিটার্ন জমা ও কর প্রদানের ব্যবস্থা করা হচ্ছে৷ আর ২০১৫ সালের জুলাই তা সারা দেশে কার্যকর করা হবে৷
অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
এই কেন্দ্রে এসে করদাতারা নতুন ই-টিআইএন খুলতে পারবেন৷ আবার পুরোনো টিআইএনের বিপরীতে ই-টিআইএন নিতে পারবেন৷ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা পাওয়া যাবে৷
এ ছাড়া যাঁরা ইতিমধ্যে ই-টিআইএন নিয়েছেন, কিন্তু কোনো কারণে ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, তাও সংশোধন করা যাবে৷
যেসব ভুল সংশোধন করা যাবে সেগুলো হলো: করদাতা ও নিবন্ধনের ধরন, পিতা-মাতা, স্বামী-স্ত্রীর নাম, লিঙ্গ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর, কর সার্কেল ইত্যাদি৷
এসব সেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্টের অনুলিপি, পাসপোট সাইজ এক কপি ছবি, মোবাইল নম্বর লাগবে৷ এই সেবাকেন্দ্রে বিদেশে অবস্থানরতদের ই-টিআইএন দেওয়া হবে৷