ঈদ অনলাইন টিকিট বিক্রি ৫০ লাখ টাকা ছাড়িয়েছে
এবারের ঈদ উপলক্ষে অনলাইনে বাসের টিকিট বিক্রির অর্থের পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের পণ্য অনলাইনে কেনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক কেনাকাটাও অনেকেই সেরে নিচ্ছেন অনলাইনে।
ক্যাশ অন ডেলিভারি বা পণ্য হাতে পেয়ে অর্থ পরিশোধ সুবিধা থাকায় বেড়েছে এই সেবার ব্যবহার। এর মধ্যে বর্তমানে অনলাইনে টিকিট কেনার হারও বাড়ছে। অনলাইনে টিকিট বিক্রিসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, সব মিলিয়ে বর্তমানে প্রধান প্রধান রুটের বাসের প্রায় ১০-১৫ শতাংশ টিকিট অনলাইনে কিনে থাকেন ক্রেতারা। চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী, পরিবার নিয়ে ভ্রমণ করেন এমন যাত্রীরাই মূলত বেশি এ সেবাটি গ্রহণ করছেন।
ঈদের পাশাপাশি যেকোনো উৎসব-পার্বণ এলেই এসব টিকিটের চাহিদা বেড়ে যায় বহু গুণ। বিষয়টি সহজও হয়েছে অনেক। হাতের মুঠোফোনের সাহায্যে ফোন করেও প্রয়োজনীয় টিকিট বুকিং দেওয়া যায়। পরে সেটি বাসায় পৌঁছে দেয় সেবাদাতা প্রতিষ্ঠান। এমনই সেবা দিয়ে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘সহজ ডট কম’ ( www.shohoz.com) নামের একটি সেবা।
সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বাসের পাশাপাশি লঞ্চ এবং হোটেলের বুকিং সুবিধাও দেওয়া হচ্ছে।’ গত ঈদের তুলনায় এবারে বাসের টিকিটের চাহিদা বেড়েছে জানিয়ে মালিহা কাদির আরও বলেন, যেহেতু মাধ্যমটা নতুন তাই এখন বাস সার্ভিস প্রতিষ্ঠানগুলো আরও বেশি করে এগিয়ে এলে এই সেবাটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। একইভাবে লঞ্চের টিকিট বিক্রির বিষয়টিও এগোচ্ছে। প্রতিদিন বাংলাদেশে প্রায় পাঁচ লাখেরও বেশি যাত্রী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাসে ভ্রমণ করেন। এই সংখ্যা বাড়ছে।
এক বছরেরও বেশি সময় ধরে একই ধরনের বাস টিকিট অনলাইনে কেনার সুযোগ দিচ্ছে ‘বাস বিডি ডট কম ডট বিডি’ ( www.busbd.com.bd)। প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপক আজিজুল হক জানান, ‘সাধারণ মানুষের মাঝে সহজে অনলাইনে বাস কিংবা লঞ্চের টিকিট কেনার চাহিদা আগের চেয়ে বেশ বেড়েছে। আমরা যে প্রতিষ্ঠানগুলো থেকে টিকিট নিই, তারা শুধু অনলাইনের জন্য নির্দিষ্ট কিছু সিট রাখেন, যেগুলো সব সময়ই পূর্ণ হয়ে যায়। ইন্টারনেটে ব্যবহারকারী যত বাড়ছে, ততই এই সেবা নেওয়ার সংখ্যাও বাড়ছে।’
নিয়মিত অনলাইনে টিকিট কিনে বাড়ি যান তরুণ উদ্যোক্তা মাহবুব আলম খান। বিষয়টি অনেক সময় বাঁচিয়ে দেয় উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, বাসের কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার চেয়ে ঘরে বসেই টিকিট কেনার অনেক সুবিধা। আরও বড় আকারে এটা হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
সম্প্রতি অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি অনলাইনেই ই-টিকিট পাঠানোর সুবিধা নিয়ে চালু হয়েছে ‘বিডিটিকিটস ডট কম’ (www.bdtickets.com) নামের একটি সেবা। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগে চালু হওয়া এই সেবায় খুব শিগগিরই বাসের পাশাপাশি লঞ্চের টিকিটও পাওয়া যাবে বলে জানান, রবির ডিজিটাল সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক সাবিহ উদ্দিন আহমেদ।
এক হিসাবে দেখা যায়, বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে প্রায় পাঁচ হাজার বাস চলাচল করে। এর মধ্যে বড় প্রতিষ্ঠানগুলোরই অর্ধেক বাস চলাচল করে প্রতিদিন। সব বাস এখনো অনলাইনে টিকিট বিক্রি না করলেও বর্তমানে বিভিন্ন রুটের বড় একাধিক প্রতিষ্ঠানের বাসের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। এই সংখ্যাটি যত বাড়বে ততই অনলাইনে টিকিট বিক্রি জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা সংশ্লিষ্ট লোকজনের।
অনলাইন টিকিট কেনার পদ্ধতিতে একজন ক্রেতা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে টিকিটের অর্ডার করতে পারেন। অনলাইনে বিভিন্ন কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ শেষে চাইলে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের বাসায় সেই টিকিট পৌঁছে দেয়।