ঈদ উপলক্ষে বেড়ায় ফুটপাতের বাজারও সরগরম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলায় ঈদের বাজার জমজমাট হয়ে উঠেছে। উপজেলা সদরের বিভিন্ন বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত এবং প্রত্যন্ত এলাকার হাট-বাজারগুলোতে এখন শার্ট-প্যান্ট, পাঞ্জাবি-টুপি, শাড়ি, সালোয়ার-কামিজ, শিশুর পোশাক, জুতা, গয়না ও প্রসাধন সামগ্রী এবং গৃহস্থালি তৈজসপত্র ইত্যাদি দেদার বিক্রি হচ্ছে। বিশেষ করে বেড়ার ফুটপাতগুলোতে এবার নিম্ন আয়ের লোকজন ব্যাপকহারে কেনাকাটা করছে। ফুটপাতের বিক্রেতা মাসুদ মিয়া বলেন, ‘শাড়ি-লুঙ্গির বেচাকেনা ভালোই হত্যাছে। ঈদ যত আগায়া আসত্যাছে বেচাকেনা ততই বাড়ত্যাছে।’হাতিগাড়া মহল্লার এনামুল হক বলেন, ফুটপাতে এবার ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আর সেগুলোর দামও তুলনামূলকভাবে কম। এদিকে একশ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যানে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরাও বেচাকেনা বেশ ভালো বলে জানান।