ঈদ উপলক্ষে যাত্রীবাহী ৫৬টি কোচ মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় যাত্রীবাহী ৫৬টি রেলকোচ মেরামত হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১টি বেশি।জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে অধিকসংখ্যক যাত্রী পরিবহনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সৈয়দপুর ও পূর্বাঞ্চলের চট্টগ্রামের কারখানা দুটিকে মোট ১২০টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম ও সৈয়দপুরের রেলওয়ে কারখানাকে যথাক্রমে ৭৫টি ও ৪৫টি কোচ মেরামতের দায়িত্ব দেওয়া হয়। উভয় কারখানাই উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। সে জন্য কারখানা দুটির সব প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রীর পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের গত শনিবার সশরীরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে অভিনন্দন বার্তা পৌঁছে দেন।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এতে আমরা অভিভূত। কাজের স্বীকৃতিস্বরূপ মন্ত্রণালয়ের কাছ থেকে এভাবে অভিনন্দন পাওয়া একটি নজিরবিহীন ঘটনা। এতে আমাদের শ্রমিক-কর্মচারীরা আরও বেশি উৎসাহ পাবেন।’রেল শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন অভিনন্দন বার্তা পেয়ে উৎফুল্ল বলে জানান। তিনি বলেন, ‘আমরা এখন আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা পাব।’ তিনি লোকবল-সংকট নিরসনে অবিলম্বে সৈয়দপুর কারখানায় নতুন কর্মী নিয়োগের দাবি জানান। কারখানা সূত্রে জানা গেছে, এ কারখানায় তিন হাজার ৪১৮টি মঞ্জুরিকৃত পদের বিপরীতে বর্তমানে লোকবল রয়েছে দেড় হাজারের মতো। অর্থাৎ লোকবলের প্রায় ৫৫ শতাংশ ঘাটতি আছে। তবে লোকবল-সংকট থাকা সত্ত্বেও এখানে বর্তমানে প্রতিদিন গড়ে ২ দশমিক ২২ ইউনিট রেলকোচ ও আড়াইটি মালবাহী গাড়ি (ওয়াগন) মেরামত হচ্ছে।ঈদুল ফিতর উপলক্ষে এ কারখানায় ৭০টি কোচ মেরামত হয়। তখন লক্ষ্যমাত্রা ছিল ৬০টি কোচ মেরামতের।