ঈদ উপলক্ষে যাত্রীবাহী ৭০টি কোচ মেরামত
ঈদে ঘরমুখী মানুষের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিত করতে মিটারগেজ (ছোট) ও ব্রডগেজ (বড়) লাইনের ৭০টি যাত্রীবাহী কোচ মেরামত (ওভারহোলিং) হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। মেরামত হওয়া কোচগুলো এখন জুড়ে দেওয়া হচ্ছে দেশের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোতে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়কগুলোর অবস্থা নাজুক হওয়ায় এবং সড়ক দুর্ঘটনা বাড়ায় নিরাপদ গণপরিবহন হিসেবে ট্রেনে অধিকসংখ্যক যাত্রী বহনে জোর দিয়েছে কর্তৃপক্ষ। গত ৪ জুন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে এখানকার প্রকৌশলী ও শ্রমিকদের ঈদে অধিকসংখ্যক ঘরমুখী মানুষকে সেবা দিতে অতিরিক্ত কোচ নির্মাণের নির্দেশ দেন। সে অনুযায়ী কারখানায় নিয়মিত কাজের বাইরে অতিরিক্ত ৬০টি কোচ মেরামত-নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানার প্রকৌশলী ও শ্রমিকেরা দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১০টি বেশি অর্থাৎ মোট ৭০টি কোচ মেরামত হবে। এর মধ্যে ৪৮টি ব্রডগেজ ও ২২টি মিটারগেজ লাইনের কোচ। এই তথ্য জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার ট্রেড ইউনিয়ন নেতা মোখছেদুল মোমিন।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় গেলে দেখা যায়, জন্মাষ্টমীর ছুটিতেও শ্রমিক-প্রকৌশলীরা কোচ মেরামতে ব্যস্ত রয়েছেন। রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) দিলশাদ করিম আবু হেনা প্রথম আলোকে বলেন, ‘ওপরের নির্দেশ রয়েছে যেকোনো মূল্যে রেলসেবা বাড়াতে হবে। রেলের ওপর যাত্রীদেরও প্রবল আস্থা রয়েছে। তাই আমরা অবিশ্রান্ত কাজ করছি। ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতেই আমাদের শ্রমিক-কর্মচারীরা উৎসাহ নিয়ে কাজ করছেন।’ সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লুএম) কাজী ওমর ফারুক জানান, এরই মধ্যে ৬০টি কোচ পাকশী ও লালমনিরহাট রেল বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১০টি কোচ ১৪ আগস্টের মধ্যে রেল বিভাগকে দেওয়া হবে।এদিকে হস্তান্তর হওয়া কোচগুলো এরই মধ্যে পশ্চিমাঞ্চলে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনে জুড়ে দেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঈদে যাত্রীসেবায় আমরা ন্যূনতম ভূমিকা রাখতে পেরেছি এটা গর্বের। কারখানায় লোকবল সংকট নিরসন হলে আমরা উৎপাদন আরও বাড়াতে সক্ষম হব।’