ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৬টি বগি মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৬টি যাত্রীবাহী কোচ (বগি) তৈরি করে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০টি বেশি।রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা জানান, কোরবানির ঈদে সারা দেশের ঘরমুখো মানুষের স্বচ্ছন্দে ভ্রমণ নিশ্চিত করতে ৫৬টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে গত বৃহস্পতিবার লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১০টি বগি হস্তান্তর করা হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রকৌশলী ও শ্রমিকেরা প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ (ওভারটাইম) করেন।কর্মকর্তারা আরও জানান, বেহাল সড়কপথের কারণে রেলওয়েতে অব্যাহতভাবে যাত্রীসংখ্যা বাড়লেও নতুন রেল কোচ আমদানির উদ্যোগ নেওয়া হয়নি। সে জন্য পুরোনো ও বিকল (ড্যামেজ) কোচ মেরামতের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর আগে গত ঈদুল ফিতরের আগেও সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৫৬টি কোচ বা বগি মেরামত করা হয়েছিল। তখন বগি মেরামতের লক্ষ্যমাত্রা ছিল ৪৬টি।এই কার্যক্রমকে বড় সাফল্য হিসেবে দেখছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রকৌশলী ও শ্রমিকেরা। কারণ, কারখানাটিতে বর্তমানে তিন হাজার ৬২টি মঞ্জুরি পদের বিপরীতে লোকবল রয়েছে এক হাজার ৪০২ জন। অর্থাৎ এক-তৃতীয়াংশ জনবল নিয়েই কারখানাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ হচ্ছে। তাঁরা অবিলম্বে এই কারখানায় নতুন জনবল নিয়োগের দাবি জানান।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, লোকবলের সংকট থাকা সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত আউটটার্ন (উৎপাদন) করতে পেরেছি, এটাই বড় কথা। ভবিষ্যতে বড় ধরনের কর্মপরিকল্পনা নিয়ে রেলওয়ে কাজ করবে বলে জানান তিনি।রেল শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোকছেদুল মোমিন বলেন, যাত্রী পরিবহনে দিন দিন রেলওয়ের গুরুত্ব ও সেবার পরিসর বাড়ছে। এই অবস্থায় সৈয়দপুর রেলওয়ে কারখানা লক্ষ্যমাত্রার চেয়ে বেশিসংখ্যক কোচ মেরামত করে সাফল্য দেখিয়েছে। তিনি বলেন, কাঁচামালের স্বাভাবিক সরবরাহ মিললে এই কারখানায় আরও অনেক বেশি কাজ হতে পারে।