ঈদ উপলক্ষে ১২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে বাজারে ​এসেছে নতুন টাকা। ছোটদের ঈদের সালামি দিতে এই টাকার প্রচুর চাহিদা। ছবিটি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুক্রবার তোলা l প্রথম আলো
ঈদ উপলক্ষে বাজারে ​এসেছে নতুন টাকা। ছোটদের ঈদের সালামি দিতে এই টাকার প্রচুর চাহিদা। ছবিটি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুক্রবার তোলা l প্রথম আলো

ঈদের আনন্দে নতুন টাকা এখন এক অনুষঙ্গ। তাই ঈদ এলে নতুন টাকার চাহিদা বেড়ে যায়। এবারের ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন মূল্যমানের নতুন টাকার নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এবার ঈদ সামনে রেখে ১২ হাজার ৪৪৬ কোটি টাকার সমমূল্যের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের ২০ শাখার মাধ্যমে এসব নোট বাজারে ছাড়া হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার ছিল ঈদের ছুটির আগে ব্যাংক খাতের শেষ কার্যদিবস। যদিও ব্যাংকের শিল্প এবং বিপণিবিতান বা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু শাখা আজ সোমবার পর্যন্ত খোলা রয়েছে।
ঈদের আগের শেষ কার্যদিবস পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি অন্যান্য ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে নতুন নোটের জন্য ছিল গ্রাহকদের ভিড়। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নতুন নোট সংগ্রহ করেন রাজধানীর কমলাপুরের বাসিন্দা আফরোজা আক্তার। ওই দিন কথা হয় তাঁর সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, দুই ছেলেমেয়েকে পোশাক কিনে দেওয়া হয়েছে, বাকি রয়েছে নতুন টাকা দেওয়া। স্বামী চাকরিজীবী, তাই বাধ্য হয়ে তাঁকেই নতুন টাকার খোঁজে বাংলাদেশ ব্যাংকে আসতে হয়েছে। ঈদের দিনে সন্তানদের পাশাপাশি আত্মীয়দের সন্তানদেরও ঈদে সালামি হিসেবে নতুন টাকার নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘নতুন নোট যেহেতু ঈদের আনন্দ অনুষঙ্গ হয়ে উঠেছে, তাই আমরাও প্রতি ঈদে নতুন নোট বাজারে ছাড়ছি। বাংলাদেশ ব্যাংকের বিশেষ কাউন্টারের পাশাপাশি তফসিলি ব্যাংক থেকেও নতুন নোট বিতরণ করা হয়েছে।’

.
.

জানা গেছে, গত ১৬ থেকে ৩০ জুন বাংলাদেশ ব্যাংক ও ২০টি তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিতরণ করা হয়। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াই পর্যন্ত ব্যাংক লেনদেন চলাকালে এই নোট সংগ্রহ করেন গ্রাহকেরা। এবার একজন গ্রাহক একবারে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার বান্ডিলের একটি প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকা বদলে নেওয়ার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের ঈদে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি ছিল। তবে শেষদিন পর্যন্ত ১২ হাজার ৪৪৬ কোটি টাকার নোট বিতরণ করা হয়। রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনটি কাউন্টার থেকে নতুন নোট বদলে দেওয়া হয়। একজন গ্রাহক যাতে নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি অর্থ সংগ্রহ করতে না পারেন, সে জন্য গতবারের মতো এবারও আঙুলের ছাপ প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘ঈদ এলেই নতুন টাকার চাহিদা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবাই নতুন টাকা পেতে চায়। আমরাও গ্রাহকের পাশাপাশি নাগরিকদের সাধ্যমতো নতুন টাকা সরবরাহ করেছি।’
নতুন নোট বিতরণের জন্য তফসিলি ব্যাংকের যে ২০ শাখাকে নির্দিষ্ট করা হয়, তাদের প্রতিটি শাখাকে প্রতিদিন ১৬ লাখ ৭০ হাজার টাকার নতুন নোট দেওয়া হয়।