ঈদ উপলক্ষে ৮৩টি কোচ মেরামতের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে ৮৩টি কোচ মেরামতের রেকর্ড
ঈদ উপলক্ষে ৮৩টি কোচ মেরামতের রেকর্ড

বিকট শব্দে বিরতিহীনভাবে চলছে মেশিনগুলো। শ্রমিকেরাও প্রবল উৎসাহ নিয়ে চালিয়ে যাচ্ছেন কাজ। আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে স্বাচ্ছন্দে৵ পরিবহনের নিশ্চয়তা দিতে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মহাকর্মযজ্ঞ।
এই কারখানায় এবার ৮৩টি কোচ মেরামতের লক্ষ্য ঠিক করা হয়েছে।এটি এ যাবৎকালে ঈদের আগে কোচ মেরামতের রেকর্ড। লক্ষ্যমাত্রা অনুযায়ী কারখানায় পুরোদমে কাজও চলছে।
জানা গেছে, ৮৩টি কোচের মধ্যে ইতিমধ্যে ৫৬টি কোচ মেরামত হয়ে গেছে। এসব কোচ পাকশী ও লালমনিরহাট রেলপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) মো. দিলশাদ করিম জানান, ২৪ জুলাইয়ের মধ্যে বাকি ২৭টি কোচ বিভিন্ন লাইনে যুক্ত হবে।
সৈয়দপুর কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) কুদরত-ই-খোদা প্রথম আলোকে বলেন, ‘মেরামত শেষে রেলবহরে যুক্ত হলে আগামী ঈদে এই ৮৩টি কোচে অতিরিক্ত ৫০ লাখ মানুষকে পরিবহন সেবা দেওয়া যাবে।’
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্র জানায়, ঈদে ঘরমুখো মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে সরকার রেলওয়েকে বেশ গুরুত্ব দেয়। এবারও এর ব্যক্তিক্রম নয়। সে কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ৮০টি কোচ মেরামত করে সম্পূর্ণ নতুন করে গড়ার উদ্যোগ নেয় রেলপথ মন্ত্রণালয়।কিন্তু শ্রমিকদের উৎসাহের কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শেষ পর্যন্ত এখানে ৮৩টি কোচ তৈরি হচ্ছে। মেরামতের তালিকায় আছে ৬১টি ব্রডগেজ (বড়) ও ২২টি মিটারগেজ (ছোট) লাইনের কোচ (ক্যারেজ)।
ঈদ উপলক্ষে সৈয়দপুরের কারখানায় মূলত রেল কোচে দুই ধরনের মেরামত হয়।একটি হলো সাধারণ মেরামত বা লিফট অ্যানামেল। অন্যটি ভারী মেরামত বা জেনারেল ওভারহলিং।
কারখানা সূত্র বলছে, প্রতিটি কোচের সাধারণ মেরামতের জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা এবং ভারী মেরামতের জন্য ১০ থেকে ১২ কোটি টাকা খরচ হয়। এ বছর ২৭টি কোচে ভারী মেরামত করা হয়েছে। বাকিগুলো ছিল সাধারণ মেরামত। আর এই মেরামতের অর্থ ব্যয় হয় ‘কারখানায় ব্যবহৃত উপকরণ ক্রয়সংক্রান্ত বাজেট’ বরাদ্দ থেকে। সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, এসব কোচ মেরামত শেষ হওয়ার মানে হলো পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনবহরে এবার সর্বোচ্চসংখ্যক কোচ সংযোজিত হতে যাচ্ছে। বিভিন্ন ট্রেনে এসব কোচ জুড়ে দেওয়া হবে।
মেরামতের রেকর্ড: এই কারখানায় ২০১১ সালের ঈদুল ফিতরের আগে ৫২টি রেল কোচ মেরামত করা হয়। ওই বছরই ঈদুল আজহার আগে মেরামত করা কোচের সংখ্যা দাঁড়ায় ৬৬টিতে।
পরের বছর ঈদুল ফিতরের আগে ৭০টি কোচ মেরামত করা হয়। আর ওই বছরই ঈদুল আজহার আগে মেরামত করা হয় আরও ৫৬টি কোচ। আর ২০১৩ সালে ঈদুল ফিতরের আগে ৬২টি ও ঈদুল আজহার আগে ৫৯টি কোচ মেরামত হয়েছে এই কারখানায়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন প্রথম আলোকে জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সেবার কথা মাথায় রেখে শ্রমিকদের ছুটি বাতিল করা হয়। এই শ্রমিকদের উৎসাহে তাঁদের নিয়মিত কাজের বাইরে অতিরিক্ত কাজ করার কারণেই ৮৩টি কোচ মেরামত করা সম্ভব হচ্ছে।
কারখানার ক্যারেজ শপে (উপ-কারখানা) ওয়েল্ডিংয়ের কাজ করেন আব্দুর রহমান। তাঁর বয়স এখন ৫৯ বছর। এ বছরই তিনি অবসরে যাবেন। এই বয়সে ভারী কাজ করা তাঁর জন্য কঠিন। তবুও পরিশ্রান্ত দেহে করে যাচ্ছেন। কিন্তু মনে সামান্যতম বিষাদ নেই। গত বৃহস্পতিবার কারখানায় কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, অনেকগুলো পরিত্যক্ত কোচকে নতুন করার কাজ হাতে নেওয়া হয়েছে।
আব্দুর রহমান বলেন, ‘আমরা জানি আমাদের তৈরি রেল কোচে হাজার হাজার মানুষ বাড়ি ফিরবে, পরিবার-পরিজনকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। এটাই আনন্দের।’
সৈয়দপুরের কারখানায় প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। এই শ্রমিকেরা সাধারণত সকাল আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কাজ করে থাকেন। কিন্তু ঈদ উপলক্ষে তাঁদের কাজ করতে হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত। এই অতিরিক্ত কাজের জন্য অবশ্য শ্রমিকেরা অতিরিক্ত মজুরি পান। কোচ নির্মাণের জন্য সীমিত আকারে ওভারটাইমের ব্যবস্থা করা হয়। ওভারটাইম বাবদ এ বছর অতিরিক্ত এক কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকা খরচ হয়েছে।