ঈদ ও পূজা উপলক্ষে টাকার নতুন নোট আজ থেকে বাজারে
ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে অতিরিক্ত নগদ টাকার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহের উদ্যোগ নিয়েছে। আজ রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের ঢাকা অফিসসহ অন্যান্য শাখা থেকে এই নোট সরবরাহ করা হবে। জানা গেছে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখা থেকে রাজধানীবাসীর কাছে নতুন নোট সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব শাখা থেকে নতুন নোট প্রদান করা হবে, সেগুলো হলো: অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখা, সোনালী ব্যাংক রমনা শাখা, জনতা ব্যাংক নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা, সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা এবং ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ী শাখা।জানা গেছে, ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে অক্টোবর মাসেই ১০ থেকে ১২ হাজার কোটি টাকার অতিরিক্ত চাহিদা সৃষ্টি হবে বলে বাংলাদেশ ব্যাংক ধারণা করছে। এই চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ মাসেই আট হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে। খবর বাসসের।