ঈদ ও পূজা উপলক্ষে নড়াইলে ইলেকট্রনিক পণ্যের বিক্রি বেড়েছে
ঈদ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে টিভি, ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বেচাকেনা বেড়েছে। এই দুটি উৎসব সামনে রেখে কিছু কোম্পানি মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার ঘোষণা করায় ইলেকট্রনিক পণ্যের বিক্রি বেড়েছে।শহরের রূপগঞ্জ জামে মসজিদ মার্কেটের বাটারফ্লাই শোরুমের ব্যবস্থাপক মুন্সি শাহীন উল্লাহ মোহন জানান, ক্রেতারা পণ্যভেদে সর্বনিম্ন ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে রেফ্রিজারেটর।সনি শোরুমের ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, ঈদের পরপরই দুর্গাপূজা হওয়ায় এবার বেশ বেচাকেনা হচ্ছে।আবুল হোসেন বলেন, আরসি-২১৯১ কে মডেলের টিভি ১১ হাজার ৯০০ টাকা দাম। ছাড় দেওয়া হচ্ছে ৪০০ টাকা। নিপ্পন শোরুমের ব্যবস্থাপক এম ডি রাজু জানান, তাঁরা ২১ ইঞ্চি রঙিন টিভিতে এক হাজার টাকা এবং ১৫ ইঞ্চি টিভিতে ৭০০ টাকা ছাড় দিচ্ছেন।সিটিজেন শোরুমের ব্যবস্থাপক আবুল বাশার জানান, তাঁরা ২১ ইঞ্চি রঙিন টিভিতে ৮০০ টাকা এবং ফ্রিজে এক হাজার টাকা ছাড় দিচ্ছেন। ওয়ালটন শোরুমের ব্যবস্থাপক শংকর ভৌমিক জানান, নগদে কিনলে ক্রেতাদের তাঁরা টিভি ও ফ্রিজ ভেদে ৭৫০ টাকা থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছেন।ঈদের বোনাস দিয়ে শহরের আলাদাতপুর গ্রামের চাকরিজীবী শমসের আলী একটি ফ্রিজ এবং ভওয়াখালি গ্রামের আঞ্জুমান আরা বেগম রঙিন টিভি কিনেছেন বলে জানান।