ঈদ ও পূজা উপলক্ষে বিভিন্ন স্থলবন্দরে লম্বা ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থলবন্দরে লম্বা সময়ের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ কোনো কোনো স্থলবন্দর ১১ দিন, আবার কোনো কোনোটি ১৪ কিংবা ১৫ দিন বন্ধ থাকবে। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড় প্রতিনিধি জানান, বাংলাবান্ধা স্থলবন্দর আজ রোববার থেকে ১৫ দিন বন্ধ থাকবে। আগামী ৫ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান এ তথ্য জানিয়েছেন। বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সৈয়দ হুমায়ূন আখতারও বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গতকাল শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৪ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুর্গাপূজার দশমীর দিন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মাছের ব্যাপক চাহিদা থাকায় আগামীকাল সোম ও পরদিন মঙ্গলবার এই দুই দিন অবশ্য বাংলাদেশ থেকে ওই রাজ্যে মাছ রপ্তানি হবে বলে জানান আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া।আখাউড়া স্থলবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকছে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে গত শুক্রবার থেকে ১১ দিন অর্থাৎ ২৯ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার থেকে ফের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল ও দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এ তথ্য পরিবেশন করা হয়।হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, কাল সোমবার থেকে তা বন্ধ থাকবে।হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খাজামুদ্দিন জানান, এই চেকপোস্ট দিয়ে বন্ধের সময়ও পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে।