ঈদ ও পূজার ছুটির জন্য আয়কর বিবরণী দাখিল নিয়ে জটিলতা
ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে চলতি মাসের শেষ ১০ দিনের মধ্যে চার দিনই সরকারি ছুটি। তাই ব্যক্তিশ্রেণীর আয়করদাতা বিশেষ করে ব্যবসায়ী করদাতারা বার্ষিক আয়কর বিবরণী দাখিল নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন। ঈদ ও পূজার কারণে ব্যবসায়ীরা একদিকে যেমন বেচাকেনা নিয়ে বেশি ব্যস্ত থাকেন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির সঙ্গে উৎসবের ছুটি যোগ হওয়ায় প্রকৃত কার্যদিবস কমে যায়। ফলে সময়মতো বিবরণী দাখিল করা নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত আয়কর বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানো হয়। প্রতিবারই আয়কর বিবরণী জমা দেওয়ার আগের সরকারি ছুটির দিনে (শুক্র ও শনিবার) বিশেষ ব্যবস্থায় কর অঞ্চলগুলো খোলা রাখা হলেও এবারে তা হচ্ছে না। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ছুটির কারণে করদাতাদের সুবিধার্থে সময়সীমা আরেক দফায় এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান প্রথম আলোকে জানান, পূজা ও ঈদের কারণে ব্যবসায়ীদের ব্যস্ততা রয়েছে। তাই বিবরণী জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো উচিত। অভিযোগ আছে, এবার কর অধিক্ষেত্র পরিবর্তন হওয়ায় অনেক করদাতা বিপাকে পড়েছেন।এনবিআরের ওয়েবসাইটে পরিবর্তিত অধিক্ষেত্র থাকার ঘোষণা থাকলেও তা পাওয়া যাচ্ছে না। অনেকে কর অঞ্চলে গিয়েও নিজেদের অধিক্ষেত্র জানতে পারছেন না।