ঈদ ও পূজায় সরবরাহ নিশ্চিত রাখতে ঋণপত্র খোলার নির্দেশনা
আসন্ন কোরবানির ঈদ ও দুর্গাপূজা সামনে রেখে দেশে যাতে নিত্যপণ্যের সরবরাহ ঠিক থাকে, সে জন্য প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।ব্যবসায়ীরা ব্যাংকে গিয়ে পণ্য আমদানির ঋণপত্র খুলতে নানা সমস্যায় পড়ছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। জানা যায়, ব্যবসায়ীদের একাংশের পক্ষ থেকে বলা হচ্ছে অনেক ব্যাংক স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় এখন ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না। এতে আসন্ন কোরবানির ঈদ ও দুর্গাপূজায় বাড়তি চাহিদা মেটানো কষ্টসাধ্য হবে মনে করেন ওই ব্যবসায়ীরা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আমদানি যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। পাঠানো চিঠিতে বলা হয়েছে, আসন্ন কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে কোনোভাবেই যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো।