ঈদ সামনে রেখে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় এসেছে
ঈদুল আজহা ঘিরে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের কাছে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা (প্রবাসী-আয় বা রেমিট্যান্স) পাঠিয়েছেন। চলতি মাসের প্রথম ১৯ দিনে তাঁরা ১০১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। খবর বাসসের।সব মিলিয়ে শুধু অক্টোবর মাসেই রেকর্ড পরিমাণ ১৩০ কোটি ডলারের প্রবাসী-আয় দেশে আসবে বলে বাংলাদেশ ব্যাংক আশা করছে।এর আগে মাস ভিত্তিতে গত জানুয়ারিতে প্রবাসীরা রেকর্ড ১২১ কোটি ৫৮ লাখ ডলারের প্রবাসী-আয় পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস বাসসকে বলেন, প্রতিবছরই ঈদের আগে রেমিট্যান্স বেড়ে থাকে। এ সময় অতিরিক্ত খরচের বিবেচনায় প্রবাসীরা প্রিয়জনদের কাছে বেশি পরিমাণ প্রবাসী-আয় পাঠিয়ে থাকেন। এবারও সেই ধারাবাহিতায় ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ১-৫ অক্টোবর পর্যন্ত ২০ কোটি ৩১ লাখ ডলার, দ্বিতীয় সপ্তাহে ৩৮ কোটি আর তৃতীয় সপ্তাহ ১৩ থেকে ১৯ অক্টোবর ৪২ কোটি ৪৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ১১৭ কোটি ১৫ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে ৩৫৫ কোটি ১৭ লাখ ডলারের প্রবাসী-আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৯ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে ২৯৭ কোটি ২৮ লাখ ডলারের প্রবাসী-আয় এসেছিল। সেটি আবার এর আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি ছিল।