ঈদবাজারে সৈয়দপুরের ঝুট কাপড়ের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুট কাপড় দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন সৈয়দপুরের ক্ষুদ্র পোশাক কারখানার শ্রমিকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝুট কাপড় দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন সৈয়দপুরের ক্ষুদ্র পোশাক কারখানার শ্রমিকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সৈয়দপুরের ক্ষুদ্র পোশাকশিল্প মালিকেরা ঝুট কাপড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক এবারে বিক্রিতে মনোযোগ দিয়েছেন। এ জন্য তাঁরা বেছে নিয়েছেন আসন্ন ঈদ উৎসব। কারণ, ঐতিহ্যগতভাবেই এ দেশের মানুষ রোজার ঈদ উপলক্ষেই সবচেয়ে বেশি পোশাক কিনে থাকেন। সে অনুযায়ী এখানকার পোশাকশিল্পের শ্রমিক ও মালিকেরা এখন পোশাক তৈরি এবং তা বিপণনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কারখানাগুলোয় বিভিন্ন বয়সের পুরুষের পরিধেয় হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, মোবাইল প্যান্ট, জিনস প্যান্ট ও টি-শার্ট তৈরি হচ্ছে। পণ্য ও মানভেদে প্রতিটি পোশাকের পাইকারি দাম ১৫০ থেকে ১০০০ টাকা। ঢাকা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী, বরিশালসহ সারা দেশের ব্যবসায়ীরা এসে পোশাক কিনে নেন। বিশেষ করে সৈয়দপুরের সঙ্গে রেলযোগাযোগ ভালো এবং বিআরটিসির বাস চলে এমন জায়গাগুলোতেই বেশি যায় সৈয়দপুরের পোশাক।
উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, বহু বছর ধরে তাঁরা ঝুট কাপড় দিয়ে তৈরি পোশাক প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানে রপ্তানি করে আসছেন। কিন্তু বছর খানেক হলো, তাঁরা রপ্তানিতে মার খাচ্ছেন। সেই ক্ষতি পুষিয়ে নিতেই তাঁরা দেশীয় ঈদ উৎসবে দৃষ্টি দিয়েছেন।
জানতে চাইলে সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস শিল্প মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে সব কারখানা মিলিয়ে তাঁরা মোট ১০ কোটি টাকার পোশাক বিক্রি হবে বলে আশা করেছিলেন। কিন্তু এরই মধ্যে বিক্রি ৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাকি দিনগুলোতে আরও অন্তত ৪ কোটি টাকার পোশাক বিক্রি হবে বলে প্রত্যাশা তাঁর।
গার্মেন্টস মালিকেরা বলেন, তাঁরা ঢাকার মিরপুরসহ সাভার, গাজীপুর, টঙ্গী, কালিগঞ্জ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক কারখানা থেকে ঝুট কাপড় সংগ্রহ করে পোশাক তৈরি করেন।
একটি কারখানার মালিক মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদ্যাপন করতে শ্রমিকেরা অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় দিনরাত কাজ করে যাচ্ছেন। এতে মালিকেরাও ভালো ব্যবসায়ের আশা করছেন।
মো. শহিদুল ইসলাম বলেন, ‘একসময় আমরা ঝুট কাপড়ের পোশাক ভারত, নেপাল ও ভুটানে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করেছি। কিন্তু এক বছর ধরে রপ্তানিতে আমরা লোকসানের সম্মুখীন হয়েছি। তাই ঈদ সামনে রেখে ওই লোকসান পুষিয়ে নিতে আমরা প্রচুর পরিমাণে পোশাকের মজুত গড়ে তুলেছি।’
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরে দুটি পোশাকশিল্প সমিতির অধীনে বর্তমানে ঝুট কাপড়ের পাঁচ শতাধিক রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস রয়েছে। পাকিস্তান আমল থেকেই এখানে ঝুট কাপড় দিয়ে নানা ধরনের পোশাক তৈরির ব্যবসা চলে আসছে। তবে ২০০২ সাল থেকেই মূলত এ ব্যবসায়ের পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পায়। উভয় সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে এখানকার পোশাকশিল্পে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করছেন।