
কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী পরিবহনের জন্য পশ্চিম রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে ইতিমধ্যে ৪৬টি কোচ সরবরাহ করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। শিগগির আরও ২৪টি কোচ হস্তান্তর করা হবে। এই ৭০টি রেলকোচ ঈদে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যমুখী বিশেষ ট্রেনগুলোতে সংযুক্ত করা হবে।
দেশের বৃহত্তম এই কারখানায় গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ২৮টি শপ বা উপকারখানায় শ্রমিক-প্রকৌশলীরা ব্যস্ত জরাজীর্ণ রেলকোচ মেরামতের কাজে। সর্বত্র প্রয়োজনীয় যন্ত্রগুলো চালু। এখানে একদল শ্রমিক ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করছেন তো ওখানে আরেক দল ব্যস্ত ভারী মেরামতে। বগি শপে কোচের মূল অবকাঠামোর (সুপার স্ট্রাকচার) সঙ্গে আন্ডারফ্রেম অর্থাৎ বগি জোড়া লাগানো হচ্ছে তো পেইন্ট শপে আবার চলছে মেরামত হওয়া কোচগুলোতে রং দেওয়ার কাজ।
ক্যারেজ শপের (একটি উপকারখানা) ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) দিলশাদ করিম আবু হেনা বলেন, ‘ঈদুল ফিতরের পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কোরবানির ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কোচ মেরামতে ব্যস্ত রয়েছি।’
পেইন্ট শপের ইনচার্জ আরিফুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের জন্য কাজের গতি বাড়িয়ে দিতে হয়েছে। তৈরি হয়ে আসা কোচগুলোতে আমরা রং করছি। প্রতিদিন এক ঘণ্টা বেশি শ্রম দিচ্ছেন শ্রমিকেরা।’
সৈয়দপুর রেলওয়ে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ঈদুল ফিতরের আগে কর্তৃপক্ষ পুরোনো ৮৫টি রেলকোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এখানকার শ্রমিক-প্রকৌশলীরা অতিরিক্ত সময় ও শ্রম দিয়ে মেরামত করেছেন ৯৩টি কোচ। সে আলোকে কোরবানির ঈদে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৬৫টি কোচ মেরামতের। তবে শ্রমিক-প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় ৭০টি কোচ মেরামত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ হচ্ছে না। অন্যদিকে জ্যেষ্ঠ শ্রমিক-কর্মচারী-প্রকৌশলীরা এক এক করে অবসরে চলে যাচ্ছেন। এতে কারখানার লোকবল দিন দিন কমছে। এভাবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত লোকবলের সংখ্যা কমে বর্তমানে মাত্র ১ হাজার ১৬৯ জনে নেমে এসেছে। অথচ একসময় এখানে জনবল ছিল ৩ হাজার ৭১ জন।
স্থানীয় রেলওয়ে সূত্রমতে, দৈনন্দিন কাজের বাইরে দিনে অতিরিক্ত এক ঘণ্টা ওভারটাইম (অতিরিক্ত কাজ) করছেন শ্রমিক-প্রকৌশলীরা। মেরামত করা সব কটি কোচ ২৮ আগস্টের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তরের কাজ সম্পন্ন হবে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারখানার যাবতীয় উৎপাদন কার্যক্রম সচল রাখতে চলতি ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রধান কার্যালয়ের কাছে ৫৮ কোটি টাকা চাওয়া হয়েছে। গত বছরও সমপরিমাণ অর্থ চাওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দ মেলে মাত্র ২২ কোটি ২০ লাখ টাকা। কাঙ্ক্ষিত পরিমাণে বাজেট বরাদ্দ পেলে ও লোকবলের সংকট নিরসন হলে এই কারখানায় উৎপাদন ব্যাপক হারে বাড়বে বলে মনে করেন তাঁরা।
সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) আমিনুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন নিশ্চিত করাই আমাদের মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামনে রেখে আমরা অতিরিক্ত কাজ করছি। শ্রমিক-প্রকৌশলী-কর্মচারীরা তাঁদের সর্বোচ্চ শ্রম দিচ্ছেন।’
কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মুহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, ‘বাজেট ও লোকবল দুটোরই সংকট রয়েছে। তবু ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করতে আমরা মোট ৭০টি কোচ মেরামত করব। এসব কোচ দিয়ে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা পথে দুটি বিশেষ ট্রেনসহ অন্যান্য যাত্রীবাহী ট্রেনে জুড়ে দেওয়া হচ্ছে।’