প্রতিবারের মতো বাস-ট্রেনের টিকিটের সংকটের সঙ্গে এবার যোগ হয়েছে সড়ক-মহাসড়কের ভয়াবহ দুর্দশা। অন্যদিকে নৌপথের বাড়তি ঝুঁকি তো আছেই। আর তাই এবার ঈদে বাড়ি ফিরতে আকাশপথকে বেছে নিচ্ছেন অনেকে।কয়েক বছর ধরে অবশ্য রাজধানী থেকে অনেকে আকাশপথে বাড়ি যান ঈদ করতে। আর তাই এ সময় চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসার সুযোগ কাজে লাগাতে সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলো ইতিমধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোসহ কিছু ছাড়ের ঘোষণা দিয়েছে।ঈদ সামনে রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-সিলেট পথে ২০০ টাকা ও ঢাকা-চট্টগ্রাম পথে ৫০০ টাকা ভাড়া কমিয়েছে। ফলে, এই দুই গন্তব্যে এখন জনপ্রতি একমুখী ভাড়া যথাক্রমে দুই হাজার ৬০০ ও তিন হাজার টাকা। হ্রাসকৃত এই ভাড়া গত বুধবার থেকে কার্যকর হয়েছে।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের কষ্ট কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কেবল বড় উড়োজাহাজ অর্থাৎ ডিসি-১০ এবং এয়ারবাস-৩১০-এ হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে বলে জানান তিনি।ঢাকা-চট্টগ্রাম পথে সপ্তাহে ১৭টি ও ঢাকা-সিলেট পথে সপ্তাহে প্রায় ১১টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান। অন্যদিকে ঢাকা-কক্সবাজার পথে আছে সপ্তাহে দুটি ফ্লাইট। এতে জনপ্রতি ভাড়া পড়বে সাড়ে চার হাজার টাকা।রিজেন্ট এয়ারওয়েজ: বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ঈদ উপলক্ষে একাধিক গন্তব্যে ফ্লাইট বাড়িয়েছে। এ ছাড়া ২৪ আগস্ট থেকে নতুন ফ্লাইট চালু করেছে ঢাকা-সিলেট পথে। নতুন এই গন্তব্যে প্রতিদিন একটি ফ্লাইট যাবে। জনপ্রতি ভাড়া পড়বে তিন হাজার ২০০ টাকা। রিজেন্ট এয়ার বর্তমানে ঢাকা-চট্টগ্রাম পথে দৈনিক পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। জনপ্রতি ভাড়া হচ্ছে শ্রেণীভেদে চার হাজার থেকে ছয় হাজার টাকা। ঢাকা-যশোর পথে আছে দৈনিক দুটি ফ্লাইট। এই পথে শ্রেণীভেদে ভাড়া আড়াই হাজার, তিন হাজার ও চার হাজার টাকা। ঢাকা-কক্সবাজার পথে রিজেন্টের দৈনিক একটি ফ্লাইট চলে। জনপ্রতি ভাড়া পাঁচ হাজার, ছয় হাজার ও সাত হাজার টাকা। সব ভাড়াই একমুখী যাত্রার জন্য প্রযোজ্য।রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ঢাকা-যশোর পথে ছয়টি অতিরিক্ত ফ্লাইট যাবে। যাত্রীদের চাহিদার ওপর নির্ভর করে ফ্লাইট আরও বাড়ানো হতে পারে। তিনি জানান, ঢাকা-যশোর পথে ঈদের আগে ২৭, ২৮, ২৯ ও ৩০ আগস্ট এবং ঈদের পর ৩ ও ৪ সেপ্টেম্বর অতিরিক্ত ফ্লাইটগুলো যাবে।জিএমজি এয়ারলাইনস: জিএমজি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে ঢাকা-চট্টগ্রাম পথে দুটি ফ্লাইট বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। জনপ্রতি ভাড়া পড়বে চার হাজার থেকে পাঁচ হাজার ৮০০ টাকা। ঢাকা-সিলেট পথে দৈনিক একটি ফ্লাইট। ভাড়া জনপ্রতি তিন হাজার ৬৫০ থেকে পাঁচ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া ঢাকা-যশোর পথেও ফ্লাইট বাড়িয়ে দুটি করা হয়েছে। ভাড়া দুই হাজার ৯০০ থেকে চার হাজার ৯৫০ টাকা।ঢাকা-কক্সবাজার পথে জিএমজির দৈনিক একটি ফ্লাইট। ভাড়া চার হাজার ৫০ থেকে সাত হাজার ৩০০ টাকা।ঢাকা-রাজশাহী-সৈয়দপুর পথে সপ্তাহে এখন থেকে জিএমজির দুটি বিমান চলবে। ২৯ ও ৩০ আগস্ট অতিরিক্ত আরও দুটি ফ্লাইট যাবে এই পথে। ঢাকা-রাজশাহী পথে ভাড়া তিন হাজার থেকে চার হাজার টাকা। আর ঢাকা-সৈয়দপুরে ভাড়া চার হাজার ৭৫০ থেকে পাঁচ হাজার টাকা। অন্যদিকে রাজশাহী-সৈয়দপুর আকাশপথের ভাড়া এক হাজার ৮২৫ থেকে দুই হাজার ৫২৫ টাকা।জিএমজির পরিচালক (জনসংযোগ) নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে যাত্রীদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ঈদের আগ পর্যন্ত রাজশাহী ও সৈয়দপুর থেকে মাত্র আড়াই হাজার টাকায় হ্রাসকৃত ভাড়ায় ঢাকায় ফেরা যাবে।ইউনাইটেড এয়ারওয়েজ: ইউনাইটেড এয়ারওয়েজ ঈদে ঢাকা-চট্টগ্রাম পথে একটি ফ্লাইট বাড়িয়ে দৈনিক পাঁচটি করেছে। জনপ্রতি ভাড়া তিন হাজার ৮৭৫ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা। ঢাকা-সিলেট পথে সপ্তাহে চলবে চারটি ফ্লাইট। ভাড়া তিন হাজার ৬০০ থেকে চার হাজার ৫০০ টাকা।এ ছাড়া ঢাকা-কক্সবাজার পথে দৈনিক একটি ফ্লাইট, ভাড়া চার হাজার ৮৭৫ থেকে সাত হাজার টাকা। ঢাকা-যশোর পথে আছে প্রতিদিন একটি ফ্লাইট, ভাড়া দুই হাজার ২৫০ টাকা।অন্যদিকে ঢাকা-রাজশাহী-সৈয়দপুর পথে সপ্তাহে দুটি ফ্লাইট চলছে ইউনাইটেডের। ভাড়া ঢাকা-রাজশাহী পথে সাড়ে তিন হাজার টাকা, ঢাকা-সৈয়দপুর চার হাজার ৭৫০ টাকা আর রাজশাহী থেকে সৈয়দপুর ভাড়া এক হাজার ৮২৫ টাকা।ইউনাইটেড এয়ারওয়েজের বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপক মো. বদরুদ্দোজা সাগর প্রথম আলোকে বলেন, ঢাকা-রাজশাহী-সৈয়দপুর পথে ২৮, ২৯ ও ৩০ আগস্ট তিনটি অতিরিক্ত ফ্লাইট চলবে। যাত্রীদের চাহিদা থাকলে অন্য পথেও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।