ঈদে কার্ডভিত্তিক লেনদেন নিশ্চিত করতে পরামর্শ
ঈদের কেনাকাটা এবং ঈদের ছুটিতে বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকেরা অধিক হারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অফ সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করে। এ সময় কার্ডভিত্তিক লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পরামর্শ দিয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদের সই করা এক বিজ্ঞপ্তিতে লেনদেনের সময় করণীয় নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এটিএম ও পিওএস নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করা, বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ টানানোর ব্যবস্থা করা, কোনো কারণে ব্যাংকের সব এটিএম এবং পিওএস সেবা বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের জানাতে বলা হয়েছে। এ ছাড়া ই পেমেন্ট গেটওয়ে লেনদেনের সময় সতর্কতা অবলম্বনে গণমাধ্যমে সতর্কতামূলক প্রচারের ব্যবস্থা করাসহ গ্রাহক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা নিতে তফসিল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে।