ঈদে কুমিল্লার খাদির বাড়তি কদর
ঈদ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় ও পোশাকের কদর আগের চেয়ে বেড়েছে। যে কারণে এই জেলা শহরের লাকসাম সড়ক, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকার অর্ধশতাধিক খাদি দোকানের সব কটিতেই দিন-রাত ক্রেতাদের ভিড় লেগেই আছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবারও কুমিল্লার বাজারে অন্যান্য পোশাকের চেয়ে খাদি পাঞ্জাবি ও ফতুয়ার চাহিদা বেশি। বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের আবদুর রশিদ বলেন, ‘আমি সব সময়ই খাদি কাপড়ের পোশাক পরি। চেতনা থেকেই খাদি পরছি।’ বিশুদ্ধ খদ্দর ভান্ডারের স্বত্বাধিকারী প্রদীপ কুমার দত্ত জানান, খাদির কদর সব সময়ই রয়েছে। ঐতিহ্য আর চেতনাকে ধারণ করে বাঙালিরা সব উৎসবেই খাদি পোশাক পরে। আর বিশেষ করে ঈদে তরুণ-তরুণীরা খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবি, ফতুয়া, শর্ট কামিজ ইত্যাদি পরে।তবে এবার দাম আগের তুলনায় খানিকটা বেড়েছে বলে কোনো কোনো ক্রেতার অনুযোগ রয়েছে। এর কারণ হিসেবে অবশ্য বিভিন্ন খাদি দোকান ও কারখানার মালিকেরা জানান, দক্ষ শ্রমিকের অভাব, উপকরণের দাম বেড়ে যাওয়া ও উপযুক্ত পৃষ্ঠপোষকতা না পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। এতে দামের ওপর কিছুটা প্রভাব পড়েছে।প্রসঙ্গত, কুমিল্লা জেলার দুই প্রতিবেশী উপজেলা চান্দিনা ও দেবীদ্বারের বেশ কয়েকটি গ্রামের অনেকগুলো পরিবার বংশপরম্পরায় ঐতিহ্যবাহী খাদির কাপড় বুনছে, পোশাক তৈরি করছে। চান্দিনা সদর, মাধাইয়া, কলাগাঁও, বেলাশ্বর, সাইতলা, বাখরাবাদ, পিইর ও গোবিন্দপুর এবং দেবীদ্বারের বরকামতা ও ভানী গ্রামে খাদি কাপড় ও পোশাক তৈরি করা হয়। এসব গ্রামে বিশেষ করে হিন্দু পরিবারগুলো যুগ যুগ ধরে এই পেশায় জড়িত রয়েছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নানা বৈচিত্র্যপূর্ণ পোশাক তৈরি করছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই ধারে চান্দিনা ও দেবীদ্বার উপজেলার ‘খাদি গ্রামগুলোর’ বাসিন্দারা ভোরের আলো ফুটতে না ফুটতেই খটখট শব্দে মেতে ওঠেন। পরিবারের সর্বকনিষ্ঠ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সদস্যরাও এ কাজে দিনমান ব্যস্ত থাকেন। শ্রমিক-কর্মচারীদের নিয়ে এসব পরিবারের কেউ সুতা রোদে শুকান, কেউ সেলাই করেন, কেউ তাঁতের কাজ করেন, কেউ চরকা ঘুরান, কাপড়ে রং করেন বা ভাঁজ দেন, আবার কেউ গরম পানিতে কাপড় সেদ্ধ করেন। এসব গ্রাম থেকে খাদি কাপড় কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন বুটিক হাউসে যায়। তবে শ্রমিকের সংখ্যা কম হওয়ায় তাঁরা চাহিদা অনুযায়ী কাপড়ের জোগান দিতে পারছেন না।চান্দিনার ‘গ্রামীণ খাদি’ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার গুহ প্রথম আলোকে বলেন, ‘এই পেশায় নতুন কেউ আসতে চায় না। এ অবস্থায় লোকবলসংকট এবং সুতা ও রঙের দাম বাড়ার কারণে চাহিদা থাকা সত্ত্বেও খাদির মাল জোগান দিতে হিমশিম খাচ্ছি।’ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলার এই ঐতিহ্যবাহী পোশাকশিল্পকে ধরে রাখা সম্ভব বলে তিনি মনে করেন।দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে কথা হয় গ্রামীণ খদ্দর ভান্ডারের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ দেবনাথের সঙ্গে। তিনি বলেন, ‘বাপ-দাদার আমল থেকে আমরা খাদির কাপড় বুনে আসছি। একসময় আমাদের ৪০টির মতো তাঁত ছিল। তা এখন পাঁচটিতে নেমে এসেছে। শ্রমিকদের মজুরি কম, তাই শ্রমিকেরা এই পেশায় আসে না।’খাদিশ্রমিক সুধাংশুচন্দ্র দেবনাথ বলেন, ‘১০ বছর ধরে এ কাজ করে আসছি। সারা দিন কাজ করলেও ১০০ টাকা মজুরি পেতে কষ্ট হয়।’