ঈদে চাঙা দেশীয় পাদুকাশিল্প
দেশীয় পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কয়েক বছর ধরেই স্থানীয় বাজারে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে। পাদুকার বিক্রি বাড়াতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শোরুম গড়ে তুলছে। আর আসন্ন পবিত্র ঈদুল ফিতর সেই পালে আরও হাওয়া লাগিয়েছে।
ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারা দেশে অন্তত ১৫টি নতুন শোরুম খুলেছে। ঈদের আগে আরও আট-দশটি শোরুম খোলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।
রপ্তানিকে কেন্দ্র করেই এত দিন দেশীয় পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসা বাড়ালেও এখন তারা অভ্যন্তরীণ বিশাল বাজার ধরার দিকে মনোযোগী হচ্ছে। দেশে প্রতিবছর কত জোড়া পাদুকা বিক্রি হয় তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে এ-খাতসংশ্লিষ্টদের মতে, দেশে প্রতিবছর আনুমানিক ২০ কোটি জোড়া পাদুকা (জুতা, স্যান্ডেল, পঞ্চ) বিক্রি হয়। পাদুকার স্থানীয় বাজার বছরে প্রায় চার হাজার কোটি টাকার।
কয়েক বছর আগেও বহুজাতিক কোম্পানি বাটাই ছিল স্থানীয় বাজারে পাদুকা সরবরাহকারী বড় প্রতিষ্ঠান। এরপর জায়গা করে নেয় এপেক্স। রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারের একটি বড় অংশ দখল করে এই প্রতিষ্ঠানটি। তবে এখন আরও বেশ কিছু পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেশীয় ক্রেতাদের চাহিদা ও পছন্দের দিকে লক্ষ্য রেখে পাদুকা বাজারজাত করছে।
পাদুকা বিক্রির জন্য সারা দেশে ৬২টি শোরুম আছে জেনিস সুজ লিমিটেডের। শুধু ঈদ ঘিরেই এ পর্যন্ত তিনটি নতুন শোরুম খুলেছে প্রতিষ্ঠানটি। আর আগামীকাল শুক্রবার উত্তরার ৪ নম্বর সেক্টরে আরেকটি শোরুম খোলা হতে যাচ্ছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেনিস নতুন সাতটি শোরুম করেছে। এ বছর আরও চার-পাঁচটি করার পরিকল্পনা রয়েছে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাসির খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ছে। সব মিলিয়ে দেশের বাজারে পাদুকায় ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। সে কারণেই আমরা ব্যবসা বাড়াচ্ছি।’
নাসির খান জানান, প্রতিটি শোরুম করতে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে তাদের। এসব শোরুমে সরাসরি পাঁচ-ছয়জনের কর্মসংস্থান হচ্ছে। পাদুকা তৈরি, বক্স তৈরিসহ পরোক্ষভাবে কর্মসংস্থান হচ্ছে আরও ৪০ জনের।
২০০৬ সালে দেশের বাজারে যাত্রা শুরু করা বে এম্পোরিয়ামের সারা দেশে এখন শোরুম আছে ৫২টি। গত দুই মাসে নতুন শোরুম হয়েছে চারটি। ঈদের আগে রংপুরে আরও একটি শোরুম করার প্রস্তুতি শেষ হয়েছে।
সব মিলিয়ে এ বছর ছয়টি নতুন শোরুম করেছে বে এম্পোরিয়াম আর আগামী ছয় মাসে আরও তিনটি করার পরিকল্পনা আছে। এসব তথ্য প্রথম আলোকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবদুল কাদের। তিনি বলেন, ‘২০১৭ সালের মধ্যে আমরা সারা দেশে ১০০টি শোরুম খোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এরই মধ্যে কোনাবাড়ীতে একটি কারখানা করেছি। ২০১৬ এবং ২০১৭ সালে আমরা ব্যবসার বড় ধরনের সম্প্রসারণ করব।’
বিশ্ববাজারে পাদুকার সম্ভাবনা দেখে ব্যাটারির জন্য বিখ্যাত হ্যামকো গ্রুপ বছর তিনেক আগে প্রতিষ্ঠা করে হ্যামকো লেদারস। তৈরি পাদুকা এত দিন রপ্তানি হলেও প্রতিষ্ঠানটি এখন দেশীয় বাজারে মনোযোগী হয়েছে। গত বছর পবিত্র রমজানে রাজধানীর ফার্মগেটে প্রথম শোরুম উদ্বোধন করে হ্যামকো। এর পর ঢাকায় আরও তিনটি এবং রাজশাহী ও জামালপুরে একটি করে শোরুম খুলেছে প্রতিষ্ঠানটি। হ্যামকো লেদারসের কর্মকর্তারা বলেছেন, আগামী এক বছরে সারা দেশে ৪০ থেকে ৫০টি শোরুম করার পরিকল্পনা করছেন তাঁরা।
রিগ্যাল, বিডটজেডডট মোডা এবং হিউম্যানিকের মতো ব্র্যান্ডের জন্য জুতা প্রস্তুত করে লেদারেক্স ফুটওয়্যার। রপ্তানিকেন্দ্রিক ব্যবসা পরিচালনা করায় দেশে এত দিন মাত্র চারটি শোরুম ছিল প্রতিষ্ঠানটির। তবে দেশীয় চাহিদা মাথায় রেখে সম্প্রতি আরেকটি শোরুম খোলা হয়েছে। প্রতিষ্ঠানটির সবগুলো শোরুমই ঢাকায়।
লেদারেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘দেশের বাজারে পাদুকার চাহিদা, পছন্দ একরকম। আবার রপ্তানি হওয়া পাদুকার চাহিদা, পছন্দ আরেক রকম। সে কারণে দেশের বাজার ধরতে ঈদ সামনে রেখে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। ঈদ উপলক্ষে নতুন ৫০টি ডিজাইনের পাদুকা শোরুমে তোলা হয়েছে।’ তিনি জানালেন, এ বছরের মধ্যেই ঢাকায় আরও ১০টি নতুন শোরুম করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
দেশীয় বাজারে পাদুকার সম্ভাবনা দেখে গত বছরের ডিসেম্বরে পাদুকাশিল্পে যাত্রা শুরু করে ওরিয়ন ফুটওয়্যার। এ বছরের মার্চে একই দিন ঢাকার বনানী ও ওয়ারীতে দুটি শোরুম প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটি। এরপর থেকে এ পর্যন্ত পাঁচটি শোরুম খোলা হয়েছে। এ বছর ও আগামী বছর দেশীয় বাজার ধরতে বড় ধরনের পরিকল্পনা প্রতিষ্ঠানটির রয়েছে বলে জানা গেছে।
আকিজ গ্রুপের আকিজ ফুটওয়্যার যা পাদুকা প্রস্তুত করে তার সবই বিদেশে রপ্তানি করে। তবে শিগগিরই দেশীয় বাজার লক্ষ্য করে প্রতিষ্ঠানটি এগোবে বলে জানালেন এর ব্যবস্থাপক (বাণিজ্যিক) মমিনুর রহমান খান।
পাদুকা প্রস্তুতকারী অন্যান্য প্রতিষ্ঠান যেখানে বাজার সম্প্রসারণ করছে, সেখানে খানিকটা পিছু হটেছে দেশের বাজারে চার বছর আগে খুচরা পর্যায়ে পাদুকা বিক্রি শুরু করা ব্র্যান্ড ফরচুনা। সারা দেশে প্রতিষ্ঠানটির এখন ১৮টি শোরুম আছে। এক বছরে নতুন কোনো শোরুম তো হয়নি, উল্টো একটি বন্ধ হয়ে গেছে। তবে ঈদের আগে মালিবাগে একটি শোরুম করা হবে। এমন তথ্যই জানিয়েছেন ফরচুনার ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের।
আবু তাহের বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশে পাদুকার বাজার খুবই সম্ভাবনাময়। প্রতিবছরই বাজার বাড়ছে। কিন্তু খরচের সঙ্গে তাল মেলাতে না পারায় লোকসানি শোরুম বন্ধ করে দিতে হয়েছে।’ তিনি ট্যানারি মালিক ও পাদুকাশিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান।