ঈদে ট্রাক-লরি কাভার্ড ভ্যান চলতে দেওয়ার দাবি এমসিসিআইয়ের
ঈদের আগে চার দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলে সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
সংগঠনটির সভাপতি রোকেয়া আফজাল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
রোকেয়া আফজাল রহমান বলেন, মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্য এবং অন্যান্য আনুষঙ্গিক পণ্যের রপ্তানিকারকদের শিপমেন্ট বা জাহাজীকরণ কার্যক্রমে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।
এমসিসিআইয়ের সভাপতি বলেন, বহু শিল্পকারখানার রপ্তানি ঋণপত্রে ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই’ পণ্য জাহাজীকরণের কথা উল্লেখ আছে। এর ব্যতিক্রম হলে অনেক পণ্য জাহাজীকরণের তারিখ অতিক্রান্ত হয়ে যাবে। এতে রপ্তানিকারকদের বহুগুণ বেশি ভাড়া দিয়ে ওই পণ্য বিমানযোগে পাঠাতে হবে। সে ক্ষেত্রে আবার বিদেশি ক্রেতারা পণ্যের চালান বাতিল করতে পারেন। সেটি ঘটলে স্টকলটের সম্মুখীন হয়ে অসংখ্য কারখানা অসুবিধায় পড়বে। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রার আয়ও হ্রাস পাবে।
এ ছাড়া ঈদের আগে অনেক রপ্তানিকারক সম্ভাব্য স্টকলটের কারণে তাঁদের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করতে পারবেন না। পরিণতিতে শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে।