ঈদে নতুন টাকার ব্যবসাও জমজমাট

ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত সেনাকল্যাণ ভবনের সামনে গত বুধবার বেলা ১১টার দিকে কুলসুম বেগম তিন হাজার টাকার নতুন নোট বিক্রি করেন এক গ্রাহকের কাছে। তিন হাজার টাকা বদলে নিতে গ্রাহক তাঁকে দেন তিন হাজার ১০০ টাকা। অর্থাৎ এ থেকে কুলসুমের আয় হয় ১০০ টাকা।
কুলসুম বেগম নিজে এবং তাঁর সঙ্গের একজন কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে থেকে ১১ হাজার টাকার নতুন এই নোটগুলো সংগ্রহ করেন ওই দিন সকালেই। চল্লিশোর্ধ্ব কুলসুম জানান, তাঁর আয় ঈদ সামনে রেখে খানিকটা বেড়েছে। তিনি বলেন, ‘কোনো কোনো দিন আয়-রোজগার ৭০০-৮০০ টাকা, আবার কোনো কোনো দিন এক হাজার টাকাও রোজগার হয়।’ এ জন্য দু-তিনজন সঙ্গী নিয়ে কুলসুম নতুন টাকা সংগ্রহ করেন।
ঈদ উদ্যাপনের এক অনুষঙ্গ হয়েছে টাকার নতুন নোট। প্রিয়জন, বিশেষত শিশুদের হাতে নতুন টাকা তুলে দিতে সব অভিভাবকেরই আগ্রহ থাকে। আগেভাগেই নতুন টাকা সংগ্রহ করতেও তাই মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহও তৈরি হয়েছে।
এ কারণেই ঈদ সামনে রেখে নতুন টাকার জমজমাট ব্যবসাও দেখা যায় রাজধানীর বিশেষত মতিঝিল ও গুলিস্তান এলাকায়। নিম্ন আয়ের কিছু মানুষ এই ব্যবসা করেন। যদিও সারা বছর ধরেই নতুন টাকা বেচাকেনা চলে এসব এলাকায়। তবে ঈদের আগে ব্যবসাটা হয় জমজমাট।
বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের নিচতলায় তিনটি কাউন্টারে ও মূল ভবনের নিচতলায় একটা কাউন্টারে দেওয়া হয় নতুন টাকা। যেকোনো গ্রাহক তাঁর টাকা বদলে যেকোনো অঙ্কের নোট নিতে পারেন প্রতিদিন। তবে এবার প্রতিজনকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত নতুন নোট দেওয়া হচ্ছে।
অন্য বছর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনেই নতুন টাকা বেচাকেনার একটা বাজার বসে যেত। এবার বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তারক্ষীরা তা আর বসতে দিচ্ছেন না। তাই বাংলাদেশ ব্যাংকের ফটক ছেড়ে পাশেই সেনাকল্যাণ ভবনের সামনে এবার বসেছে নতুন টাকা বেচাবিক্রির এই বাজারটি। দিনের প্রায় সবটা সময়ই একটা জটলা থাকে সেখানে। দরদাম করে নতুন টাকা সংগ্রহ করেন আগ্রহী ব্যক্তিরা। কেউ কেউ ছোট ছোট ব্যাগের মধ্যে নতুন টাকা নিয়ে, আবার কেউ কেউ প্রকাশ্যেই হাতে নতুন টাকা সাজিয়ে বসে-দাঁড়িয়ে বিক্রি করে নতুন টাকা।
বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের নতুন নোটগুলোর কাউন্টারের সামনে যে সারি দেখা গেল, তার অধিকাংশই নতুন ব্যবসায়ী বলে মনে হয়। এঁদের একজন আবদুল হালিম। তিনি গুলিস্তান এলাকায় নতুন টাকার ব্যবসা করেন বলে জানান। তিনি বলেন, তাঁরা কয়েকজন মিলে লাইনে দাঁড়িয়ে নতুন নোট সংগ্রহ করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, তাঁদের কাছে যে-ই আসুক নির্ধারিত পরিমাণ নতুন টাকা তাঁরা সবাইকে দিতে বাধ্য। কাউকে তো তাঁরা বলতে পারবেন না যে তাঁকে নতুন টাকা দেওয়া যাবে না। ‘সবারই সম-অধিকার এ ক্ষেত্রে’, বলেন ওই কর্মকর্তা।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার যোয়াদ্দার ইসরাইল হোসেন প্রথম আলোকে বলেন, এবার ঈদে তাঁদের নতুন নোট ছাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ হাজার কোটি টাকা। চলতি ৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত এসব নতুন নোট দেওয়া হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে যেমন এগুলো দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকেও এই নতুন নোট বদলি করে দেওয়া হচ্ছে।
ঢাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০টি শাখায়, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের পাঁচটি করে শাখায় এবং অবশিষ্ট যেসব জেলায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা রয়েছে, সেসব জেলায় তিনটি করে বাণিজ্যিক ব্যাংকের শাখা ও কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা থেকে সরাসরি গ্রাহকেরা নতুন টাকা বদলে নেওয়ার সুযোগ পাচ্ছেন এবার। এ ছাড়া সব বাণিজ্যিক ব্যাংকই তাদের গ্রাহকদের বদল করে নতুন টাকা দিতে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে পারছে বলে জানান কারেন্সি অফিসার। প্রতি ব্যাংককে প্রতিদিন ১১ লাখ ১০ হাজার টাকা করে বদলে দেওয়া হচ্ছে।