ঈদে পর্যটন ব্যবসা বান্দরবানে পর্যটক কম!
ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটক এলেও আকর্ষণীয় স্থানগুলো ছিল তুলনামূলক ফাঁকা। আবাসিক হোটেলগুলোতেও একধরনের শূন্যতা বিরাজ করছিল। গত বছরের ঈদের তুলনায় ব্যবসা এবার এক-চতুর্থাংশেরও কম বলে দাবি করেছেন জেলার হোটেল-মোটেল ব্যবসায়ীরা।
গতকাল সোমবার কয়েকটি পর্যটন স্থানে গিয়ে দেখা গেছে, গত বছরের ঈদের সময়ের তুলনায় খুব কমসংখ্যক পর্যটক যাওয়া-আসা করছেন। যাঁরা এসেছেন, তাঁদের অধিকাংশই পার্শ্ববর্তী সাতকানিয়া, দোহাজারী, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়ার বাসিন্দা। সকালে এসে বিকেলে আবার ফিরে যাবেন তাঁরা। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা এ রকম ভ্রমণকারীদের ভাসমান পর্যটক বলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামীম হোসেন বলেন, এবারের ঈদের ছুটি বৃহস্পতি, শুক্র ও শনিবার হওয়ায় ছুটির দিনের সংখ্যা কমে গেছে। আবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ জন্য পর্যটক কম এসেছেন।
টাইগার হিলের চূড়ায় অবস্থিত নীলাচল পর্যটন স্থানের অভ্যর্থনা-প্রধান মেনথাং ম্রো জানান, বৃষ্টির কারণে ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে পর্যটক ছিলেন না বললেই চলে। তবে রোববার থেকে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করে। তিনি বলেন, গত বছর ঈদে প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার টিকিট বিক্রি হতো। এবারে ঈদের ছুটির শেষ দিন রোববার বিক্রি হয় মাত্র ১ হাজার ১০০ টিকিট। সেই হিসাবে পর্যটকের সংখ্যা তিন-চতুর্থাংশ কমেছে।
পর্যটনের জন্য বিখ্যাত স্বর্ণমন্দির, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ অন্যান্য স্থানেও কমসংখ্যক পর্যটক এসেছেন। চিম্বুক পাহাড়ের জায়গাগুলো ঈদে একেবারে ফাঁকা ছিল।