ঈদে পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা
আসন্ন ঈদে পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে অনুযায়ী ছুটি থাকা সত্ত্বেও ১৮ আগস্ট পর্যন্ত পণ্যবোঝাই কনটেইনার জাহাজীকরণ করা হবে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ইন্টারন্যাশনাল কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন (ইকসা) এবং বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডস অ্যাসোসিয়েশন (বাফা) ত্রিপক্ষীয় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। বিজিএমইএর কার্যালয়ে গত রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিএমইএর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি ফারুক হাসান, ইকসার সহসভাপতি শামীম উল হক, সাধারণ সম্পাদক এম নূরুল আলম, বাফার সভাপতি মাহবুবুল আনাম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রপ্তানি করা পোশাকবোঝাই যেসব কনটেইনার ১৮ আগস্ট চট্টগ্রামে পৌঁছাবে, সেগুলো জাহাজীকরণের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইকসা ও বাফা।এ ছাড়া বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, ইকসা, বাফাসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি প্রতি মাসে সভা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেবে বলে বৈঠকে বলা হয়। এই বৈঠকে বিজিএমইএর পোর্ট অ্যান্ড শিপিং কমিটির চেয়ারম্যান হাসান আবদুল্লাহ জানান, ১৮ আগস্ট পর্যন্ত বেসরকারি আইসিডিগুলো খোলা রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) তাঁদের আশ্বস্ত করেছে। প্রয়োজনে ১৯ আগস্টও তাঁরা কার্যক্রম অব্যাহত রাখবেন।