ঈদে পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদের আগে পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছে।বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতাদি প্রদান ও লেনদেন স্বাভাবিক রাখতে ১৬ আগস্ট তফসিলি ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। এ দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে।তবে এই নির্দেশনা কেবল ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের সংশ্ল্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে ৫ আগস্ট অপর এক প্রজ্ঞাপনে ১৮ আগস্ট তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, লেনদেনের সুবিধার্থে ছুটি থাকা সত্ত্বেও ওই দিন নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো নিজেদের বিবেচনায় সব অথবা নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে।অন্যদিকে ঈদের আগে ১৮ আগস্ট পর্যন্ত ছুটির দিনগুলোতে তৈরি পোশাক বোঝাই কনটেইনার জাহাজীকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।গতকাল মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বিজিএমইএর অনুরোধে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের যেসব রপ্তানি কনটেইনার ১৮ আগস্টের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে, সেগুলো জাহাজীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করা হলো। এদিকে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের সদস্যদের ঈদের ছুটির সময় এসব প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়ার অনুরোধ করেছে।