ঈদে প্রবাসীরা বিপুল অর্থ পাঠিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজার আগে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের আত্মীয়স্বজনের কাছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী-আয় পাঠিয়েছেন। তাই গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে মোট ১৩২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগের বছরে একই সময় রেমিট্যান্স এসেছিল ১০৩ কোটি ডলার।
আর চলতি বছরের আগস্ট মাসে রেমিট্যান্স আসে ১১৭ কোটি ডলার। এ হিসাবে আগের মাস কিংবা আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় বেড়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ১৯৮ কোটি ডলার।
সাম্প্রতিক বছরগুলোয় দেখা গেছে, প্রতিবছরই তার আগের বছরের তুলনায় রেমিট্যান্স বাড়ে। তবে দীর্ঘ ১৩ বছর পর গত অর্থবছর আগের বছরের তুলনায় রেমিট্যান্স কম আসে ২৩ কোটি ডলার বা ১ দশমিক ৬১ শতাংশ। এর আগে ২০০০-০১ অর্থবছরে তার আগের বছরের চেয়ে ছয় কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স কম এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ৩৯৮ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। এই অর্থ আগের অর্থবছরের প্রথম তিন মাসের ৩২৭ কোটি ডলারের চেয়ে ৭১ কোটি ডলার বা ২১ দশমিক ৭১ শতাংশ বেশি।