ঈদে রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার দাবি ইএবির
আসন্ন ঈদে ১০ দিনের সরকারি ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য। এ কারণে দেশের পণ্য রপ্তানি ও কাঁচামাল আমদানি ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এ জন্য ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে সামুদ্রিক ও স্থলবন্দর, বাণিজ্যিক ব্যাংকের এডি বা বৈদেশিক মুদ্রা বিনিময় শাখা এবং শুল্ক বিভাগের দপ্তর খোলা রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইএবি।রপ্তানিকারকদের পক্ষে ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ অনুরোধ জানানো হয়। দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে বলা হয়, বর্তমানে দেশের পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্প প্রতিকূল অবস্থায় আছে। ২০০৯ সালের মন্দার পর তা আবার কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। কিন্তু এখন পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দ্বিতীয় মন্দা এবং ইউরোজোনের কয়েকটি দেশ ভয়াবহ ঋণসংকটে আছে। এ কারণে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে। গত অর্থবছরে তাই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন পরিস্থিতিতে দেশের রপ্তানি বাণিজ্য দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে। কেননা, ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সরকারি ছুটি। মাঝে ২৩ আগস্ট শুধু খোলা। ইএবি বলছে, এমনিতেই রপ্তানিপণ্যের মূল বাজার ইউরোপ ও আমেরিকার সঙ্গে বাংলাদেশ সময়ের পার্থক্য একটি সমস্যা। কারণ, দেশে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। কিন্তু ইউরোপ ও আমেরিকায় শনি এবং রোববার ছুটি থাকে। ফলে বহির্বিশ্বের সঙ্গে দেশের রপ্তানিকারকদের ব্যবসায়িক যোগাযোগ কার্যত তিন দিন বন্ধ থাকে।এতে আরও বলা হয়, এভাবে টানা ১০ দিন ছুটি থাকলে পণ্য রপ্তানি এবং কাঁচামাল আমদানি ব্যাহত হবে।