ঈদে শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে বিজিএমইএর উদ্বেগ
সড়ক যোগাযোগে বিপর্যয় ও যানবাহনের সংকটের কারণে ঈদে পোশাকশ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে এই খাতের উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।পোশাকশিল্পের মালিকদের সমিতি বিজিএমইএ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের উদ্বেগের কথা জানায়। এতে বলা হয়, বিজিএমইএ ঈদে বাড়ি ফেরা নিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পথে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে ব্যাপারে নজরদারি জোরদার করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে। তারা চায়, প্রত্যেক শ্রমিক যাতে পরিবার-পরিজন নিয়ে হাসিমুখে ঈদ উদ্যাপন করতে পারেন।একই সঙ্গে বিজিএমইএ ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’ কথাটি স্মরণ করিয়ে দিয়ে পোশাকশিল্পের শ্রমিকদের বাড়ি ফেরার সময় বাস-ট্রেনের ছাদে না উঠতে এবং নিরাপত্তাহীনভাবে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে। এ ছাড়া শ্রমিকদের কষ্টার্জিত অর্থ যাতে ছিনতাইকারীদের হাতে চলে না যায়, সে ব্যাপারেও তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।ঈদ উপলক্ষে মহাসড়কগুলোতে সৃষ্ট চাপ কমানোর লক্ষ্যে বিজিএমইএ পোশাকশিল্প খাতের উদ্যোক্তাদের নিজেদের মধ্যে আলোচনা করে এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন সময়ে শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে।