ঈদে সৈয়দপুর-ঢাকা পথে ইউনাইটেডের বিমান ভাড়া বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে সৈয়দপুর-ঢাকা আকাশপথে ইউনাইটেড এয়ারওয়েজ শিডিউল ফ্লাইট বা নিয়মিত উড্ডয়নের পাশাপাশি আগামী শনিবার দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ঈদ উপলক্ষে এ পথে ভাড়াও বাড়িয়েছে এই বিমান সংস্থা।বিমানযাত্রী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, যাত্রীচাপ বেশি হওয়ার সুযোগ বুঝে সৈয়দপুর-ঢাকা পথে একমুখী (ওয়ানওয়ে) বিমান ভাড়া পাঁচ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ছয় হাজার টাকা করা হয়েছে। এটা যাত্রীদের জন্য বাড়তি চাপ।এ ব্যাপারে বিমান সংস্থাটির ঢাকা অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি প্রথম আলোকে জানান, ‘ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাড়তি খরচ নির্বাহের জন্যই সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে। ঈদের পর আগের ভাড়া পুনর্বহাল করা হবে।’ বিমান সংস্থাটির কর্মকর্তারা জানান, ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখী মানুষের চাপ বিবেচনায় রেখে তাঁরা সৈয়দপুর-ঢাকা পথে অতিরিক্ত যাত্রী পরিবহনে তুলনামূলক বড় পরিসরের বিমান সংযোজন করেছেন। আগে যেখানে তাঁরা এ পথে প্রতি বৃহস্পতি, শনি ও মঙ্গলবার একটি ৩৬ আসনের ড্যাশ বিমান চালাতেন, সেখানে ৬৬ আসনের এটিআর মডেলের বিমান সংযোজন করা হয়েছে। ইউনাইটেড এয়ারের স্থানীয় এজেন্সি অফিসের পরিচালক তারিকুল আলম জানান, দুটি ফ্লাইট বাড়ানো হলেও যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।