ঈদে ৬৩টি কোচ মেরামত, রেলের বহরে যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর রেলওয়ে কারখানা
সৈয়দপুর রেলওয়ে কারখানা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় এবারে মেরামত হলো ৬৩টি ক্যারেজ বা কোচ। ঈদে ঘরমুখো যাত্রীদের বহনের জন্য এসব কোচ আজ মঙ্গলবার রেলের বহরে যুক্ত হবে।
সরেজমিন সম্প্রতি রেলওয়ে কারখানায় গেলে এর কার্য-ব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীসেবা বাড়াতে পশ্চিমাঞ্চল রেলওয়ে তাঁদের ৬৫টি ক্যারেজ বা কোচ মেরামতের নির্দেশনা দিয়েছে। এর মধ্যে ৪৫টি ব্রডগেজ (বড়) ও ২০টি মিটার গেজ (ছোট) লাইনের কোচ।
কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেনও প্রথম আলোকে জানিয়েছিলেন যে ঈদের ছুটির আগেই ৬৫টি কোচ মেরামত করে রেলের পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে দুটি কোচ কম মেরামত হয় বলে জানা গেছে।
স্থানীয় রেলওয়ে সূত্রমতে, ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই জোড়া বিশেষ ট্রেন নামানো হবে ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা পথে। এসব ট্রেনে ৫০ হাজার যাত্রী পরিবহনের কথা। এ ছাড়া প্রতিটি আন্তনগর ট্রেনে জুড়ে দেওয়া হবে অতিরিক্ত কোচ। সে জন্যই অতিরিক্ত চাহিদা মেটাতে কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, ‘ঈদে যাত্রীসেবার বিষয়টি মাথায় রেখেই আমরা সীমাবদ্ধতার মধ্যেও কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করেছি।’