ঈদের আগে ট্যানারি সরানো গেল না

ঈদুল আজহার আগেও ট্যানারিগুলোকে রাজধানীর হাজারীবাগ থেকে সরিয়ে সাভারে নেওয়া সম্ভব হচ্ছে না। চামড়া শিল্পনগরীতে বেশির ভাগ ট্যানারির অবকাঠামো নির্মাণ এখনো প্রাথমিক পর্যায়ে। ১৫৪টি ট্যানারির মাত্র ৩০টি এবার কোরবানির চামড়া সাভারে প্রক্রিয়াজাত করতে পারে। বাকিগুলোকে হাজারীবাগে উৎপাদন কার্যক্রম চালাতে দিতে হবে, নয়তো বন্ধ করে দিতে হবে।
চামড়া শিল্পনগরী প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রস্তুতিতেও ঘাটতি আছে। সবচেয়ে ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়ামযুক্ত বর্জ্য পরিশোধনের জন্য যন্ত্রপাতি বসানো হয়নি। কারখানা চালু হলে চামড়া থেকে উৎপাদিত বিভিন্ন উচ্ছিষ্ট ও শক্ত বর্জ্য ফেলার ডাম্পিং ইয়ার্ড নির্মাণকাজের কিছুই হয়নি। দুই ইঞ্চি ব্যাসের লাইন বসানো হলেও এখনো কারখানায় ব্যবহারের জন্য পানি দিতে পারেনি বিসিক।

গত ২৫ আগস্ট বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চার ঘণ্টা সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী সরেজমিন ঘুরে ও বিভিন্ন ট্যানারির মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। তাঁদের বক্তব্য, অধিকাংশ ট্যানারির মতো বিসিকও এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত নয়।
চামড়া শিল্পনগরী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি, ঈদের আগেই প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) দুটি মডিউল ও কারখানার জন্য পানি সরবরাহ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।
অবশ্য বাস্তবতা হচ্ছে সিইটিপির দুটি মডিউল চালু করতে প্রতিদিন ১০ হাজার ঘনমিটার বর্জ্যের প্রয়োজন হবে। এ জন্য ৪৮টি ট্যানারির উৎপাদনে যাওয়া দরকার বলে মনে করেন কর্মকর্তারা। কিন্তু শেষ পর্যন্ত ঈদের আগে উৎপাদনে যেতে পারবে— এমন ট্যানারির সংখ্যা ৩০টি। এই ট্যানারিগুলোও আবার উৎপাদন ক্ষমতার পুরোটা করতে পারবে না। ফলে সিইটিপির একটি অংশ চালু করতে যে পরিমাণ বর্জ্য দরকার, তা পাওয়া নিয়ে সংশয় আছে।
অবশ্য সব সংশয় নাকচ করে দিয়ে চামড়া শিল্পনগরীর প্রকল্প পরিচালক আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, ‘আমরা সিইটিপি চালু করব। পানির ব্যবস্থাও করব।’ তবে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধ করে দেওয়া হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশদূষণের কারণে ঢাকার হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি পরিকল্পিত একটি শিল্পনগরীতে নিতে ২০০৩ সালে প্রকল্প নেয় সরকার। সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাশে প্রায় ১৯৯ একর জমিতে শুরু হয় চামড়া শিল্পনগরী গড়ে তোলার কাজ। নানা জটিলতায় সেই প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। প্রকল্পটির মেয়াদ এক বছর বাড়ানোর আবেদন করেছে শিল্প মন্ত্রণালয়। অন্যদিকে খরচ বেড়ে হয়েছে প্রায় ১ হাজার ৭৯ কোটি টাকা।

হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরিয়ে নিয়ে সরকার মালিকদের ক্রমাগত চাপ দিয়েছে। একাধিকবার সময়ও বেঁধে দিয়েছে। অন্যদিকে মালিকদের অভিযোগ ছিল, বিসিক সিইটিপি নির্মাণ করতে পারেনি। সর্বশেষ গত মার্চ মাসে ট্যানারি মালিকদের ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় শিল্প মন্ত্রণালয়। ১ এপ্রিল থেকে সপ্তাহ খানেক হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে বাধাও দিয়েছিল পুলিশ।
পরে ট্যানারি মালিকদের সঙ্গে এক বৈঠকে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া তাঁদের হাজারীবাগ ছাড়ার প্রক্রিয়া শেষ করতে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেন। সেই সময়ও পেরিয়ে গেছে চার মাস আগে। গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেন। সে অনুযায়ী ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৯৮টি ট্যানারি প্রায় ৫৬ টাকা জরিমানা দেয়।
অধিকাংশ ট্যানারি পিছিয়ে: ট্যানারিগুলো আপাতত চামড়া প্রক্রিয়াকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু করার কাজ হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নিচ্ছে। বাকি দুই ধাপ কবে সাভারে যাবে, তা অনিশ্চিত। এ ক্ষেত্রে ট্যানারি মালিকদের প্রস্তুতি একেবারেই প্রাথমিক পর্যায়ে। প্রথম ধাপের কাজ শুরু করার মতো অবকাঠামো কিংবা প্রস্তুতি নেই সিংহভাগ ট্যানারির।
চামড়া শিল্পনগরী কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫৪টি ট্যানারির মধ্যে সেখানে ৫৪টি ট্যানারির ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত ছাদ নির্মিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় থেকে পঞ্চম তলার ছাদ নির্মাণ করতে পেরেছে চারটি ট্যানারি। ওয়েট ব্লু করার জন্য ড্রাম বসিয়েছে অথবা বসানোর কাজ চলছে—এমন ট্যানারির সংখ্যা প্রায় ৫০টি। অবশ্য ড্রাম চালানোর জন্য ভারী বিদ্যুৎ-সংযোগ পেয়েছে মাত্র ছয়টি ট্যানারি। ৪৩টি ট্যানারি পানির মিটার স্থাপনের জন্য আবেদন করেছে। এর মধ্যে মাত্র দুটি ট্যানারিকে পানির মিটার বসিয়ে দেওয়া হয়েছে।
ট্যানারি সরানোর সর্বশেষ অবস্থা পর্যালোচনার জন্য সম্প্রতি বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) বৈঠক করে। এতে কোন ট্যানারির কাজ কতটা অগ্রগতি হয়েছে, সে বিষয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা।

বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ৩০টি ট্যানারি ঈদের আগেই চালু হবে। এর মধ্যে বিএফএলএলএফইএর সদস্য ২০টি ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) ১০টি ট্যানারি। বেশ কিছু ট্যানারি কোরবানির এক-দুই মাসের মধ্যে চালু হবে।
অপর এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘একটু দেরি হলে সেটা কি অনেক বড় অপরাধ হবে? সুপ্রিম কোর্টের তো রায় আছেই, হাজারীবাগে ট্যানারি খোলা রাখলে জরিমানা তো দিতে হবে।’
নানা সমস্যার আশঙ্কা: সাভারের চামড়া শিল্পনগরীতে গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, রিলায়েন্স, মারসন্স ও প্রিন্স ট্যানারি স্বল্প পরিসরে চামড়া প্রক্রিয়াজাত করছে। চলতি সপ্তাহে অ্যাপেক্স ট্যানারি ও আজমীর ট্যানারি উৎপাদন শুরু করেছে।
ট্যানারি থেকে দুই ধরনের তরল বর্জ্য উৎপাদিত হয়। একটি হলো ক্যানসার সৃষ্টিকারী ক্রোমিয়ামযুক্ত বর্জ্য, অন্যটি সাধারণ বর্জ্যযুক্ত পানি। বিসিক এখনো বর্জ্য থেকে ক্রোমিয়াম আলাদা করার যন্ত্রই বসায়নি। ফলে রিলায়েন্স ট্যানারিকে তাদের উৎপাদিত বর্জ্য কারখানার আঙিনায় বিশাল গর্ত করে সেখানে রাখতে হচ্ছে।
রিলায়েন্সের কর্মকর্তারা বলেন, বিসিকের প্রস্তুতি শেষ না হওয়ায় তাঁদের খরচ বেড়ে যাচ্ছে। বিশেষ করে নিজস্ব নলকূপ দিয়ে পানি উত্তোলন এবং চামড়ার উচ্ছিষ্ট হাজারীবাগে নিয়ে ফেলতে খরচ বেশি পড়ছে।
কারখানাটির লেদার টেকনোলজিস্ট সোহেল রানা বলেন, এক ট্রাক বর্জ্য ঢাকায় নিতে প্রায় ৭ হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে, যা হাজারীবাগে ছিল ১ হাজারের কাছাকাছি।
উৎপাদন শুরু করেছে বা প্রস্তুতি শেষ পর্যায়ে এমন কয়েকটি ট্যানারি কর্মকর্তারা অভিযোগ করলেন, সাধারণ বর্জ্য যাওয়ার যে পাইপ বসানো হয়েছে, সেটি প্রয়োজনের চেয়ে সরু। সব ট্যানারি চালু হলে বর্জ্য উপচে সড়কে চলে আসার আশঙ্কা আছে। বর্তমানে দু-তিনটি কারখানা উৎপাদন করছে, তাতেই ওই পাইপ ভরে আছে। রিলায়েন্সের সামনের সড়কে সেই পাইপের একটি ঢাকনা (ম্যানহোলের মতো) খুলে দেখা গেছে, পাইপ ভরে আছে বর্জ্য।
এ ছাড়া কারখানায় পানি সরবরাহের লাইনটি দেওয়া হয়েছে মাত্র ২ ইঞ্চি ব্যাসের। এই পাইপ দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য যে বিপুল পানির প্রয়োজন, তা দেওয়া যাবে না বলে অভিযোগ ট্যানারির কর্মকর্তাদের।

ফেন্সী লেদারের সহকারী ব্যবস্থাপক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, তাঁদের যে সক্ষমতা সে অনুযায়ী চামড়া উৎপাদন করতে দৈনিক ৩ লাখ লিটার পানি লাগবে। ২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে এত পানি সরবরাহ করা সম্ভব নয়।
বর্জ্য সিইটিপিতে নেওয়ার সরু পাইপের বিষয়ে আবদুর রহিম বলেন, সিইটিপির সক্ষমতা অনেক বেশি। তার তুলনায় পাইপলাইন অনেক সরু। এটা হাতিকে স্ট্র (কোমল পানীয় খেতে যে সরু প্লাস্টিকের পাইপ ব্যবহার হয়) দিয়ে পানি খাওয়ানোর মতো। তিনি দাবি করেন, কয়েকটি বড় ট্যানারি চালু হলে নালা উপচে বর্জ্য প্রকল্প এলাকায় ছড়িয়ে পড়বে। এতে সাভারের অবস্থাও হবে হাজারীবাগের মতো।
সিইটিপিতে বর্জ্য যাওয়ার সরু পাইপের বিষয়ে জানতে চাইলে আবদুল কাইউম বলেন, ‘এটা কোনো প্রশ্নই হতে পারে না। কারখানার বর্জ্যগুলো প্রথমে ইপিএসে (ইফুলিয়েন্ট পাম্পস্টেশন) যাবে। সে রকম ইপিএস থাকবে তিনটি। পাম্পের সাহায্যে বর্জ্য টেনে এনে তারপর সিইটিপিতে ফেলা হবে।’ তিনি আরও বলেন, ‘এটা আমাদের ডিজাইন (নকশা) না। চায়নিজদের ডিজাইন।’
পানির লাইনের সরু পাইপের বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, ‘এটি প্রেসারাইজ ওয়াটার (দ্রুত গতিতে পানি যাবে)। তবে যেসব কারখানার বেশি পানি লাগবে তারা টাকা দিয়ে বড় আকারের পাইপ লাগিয়ে নেবে। কারও যদি তিনটা বা চারটা পানির পাইপ লাগে তাহলে নেবে। আমরা প্রতিদিন ২ কোটি লিটার পানি উৎপাদন করব।’
ক্রোমিয়ামযুক্ত বর্জ্য পরিশোধনের বিষয়ে আবদুল কাইউম বলেন, ‘এ জন্য আমদানি করা যন্ত্রপাতি বর্তমানে চট্টগ্রাম বন্দরে আছে। ১০-১২ দিন লাগবে। সে জন্য কারখানাগুলোকে বলেছি, ক্রোমিয়ামমিশ্রিত পানি আমাদের পাইপে এখন না দিতে।’