ঈদের আগে তারল্য-সংকটে ফরিদপুরের ২২ ব্যাংক
ঈদুল আজহা সামনে রেখে ফরিদপুর সোনালী ব্যাংক থেকে চাহিদামতো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এ অঞ্চলের অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো।
ফরিদপুরের সোনালী ব্যাংকের প্রধান শাখা বাংলাদেশ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে। এখানকার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক সোনালী ব্যাংকের কাছে প্রয়োজন জানিয়ে টাকা নিয়ে থাকে। কিন্তু ঈদুল আজহার আগে চাহিদা অনুযায়ী টাকার সরবরাহ নেই বলে অভিযোগ করছে ব্যাংকগুলো।
ফরিদপুর অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোনালী ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা সরবরাহ না পেয়ে গত মঙ্গলবার ও গতকাল বুধবার আমাদের সংকটে পড়তে হয়েছে।’ তিনি বলেন, ‘ঈদুল আজহা সামনে রেখে আমরা ১০ কোটি টাকার চাহিদা জানিয়েছিলাম। কিন্তু আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি ১০ লাখ টাকা বুধবার পর্যন্ত আমাদের সরবরাহ করা হয়েছে।’
ব্যাংকের তারল্য-সংকট নিয়ে ফরিদপুরের বেসরকারি ব্যাংকগুলো অভিযোগ করলেও তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি।’
ফরিদপুর সিটি ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আজ সকালে সোনালী ব্যাংকে টাকা আনতে গেলে বিকেলে টাকা দেওয়া হবে বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
নাম প্রকাশ না করে ফরিদপুরে কর্মরত একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলা ও রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা মিলেয়ে তাঁদের ৩৭টি এটিএম বুথ রয়েছে। ওই সব বুথে ৫০০ ও ১০০০ টাকার নোট রাখা হয়। কিন্তু সোনালী ব্যাংক ওই মানের নোট সরবরাহ না করায় গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন। তিনি বলেন, ‘সোনালী ব্যাংকের এক কর্মকর্তা গত মঙ্গলবার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বুধবার সমস্যার সমাধান করে দেবেন।’
‘বিভিন্ন ব্যাংক চাহিদার অনুপাতে বেশি টাকা উত্তোলন করায় সাময়িকভাবে এ সংকটের সৃষ্টি হয়েছে’—এই মন্তব্য করে ফরিদপুর সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক লক্ষ্মী নারায়ণ ঘোষাল প্রথম আলোকে বলেন, টাকা দিতে সমস্যা হবে না। বরিশাল থেকে টাকার গাড়ি আজ বুধবার বিকেলের মধ্যেই ফরিদপুর শহরে পৌঁছে যাবে। তখন টাকার আর কোনো সমস্যা থাকবে না, বরং উদ্বৃত্ত থাকবে।
ফরিদপুর জেলায় ২৩টি ব্যাংকের (চারটি সরকারি ব্যাংক ও ১৯টি বেসরকারি ব্যাংক) আনুমানিক ২০০টি শাখা রয়েছে।