ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সংশয়
ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সংগঠনের নেতারা বলছেন, চলতি মাসের পুরো বেতন ও মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া হলে শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদ্যাপন করতে পারতেন। তবে সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
গত বৃহস্পতি ও শুক্রবার গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৩০০ পোশাক কারখানায় জরিপ করে এই শ্রমিক সংগঠনটি। এতে দেখা যায়, ৮৫ শতাংশ কারখানার মালিকই এখন পর্যন্ত চলতি জুলাই মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়ার বিষয়ে কোনো ধরনের আশ্বাস দেননি। আর বাকি ১৫ শতাংশ কারখানার মালিকপক্ষ বলছে, চলতি মাসের ১০ থেকে ১৫ দিনের বেতন ও বোনাস হিসেবে মূল বেতনের ৪০-৪৫ শতাংশ দেবে।
রাজধানীর তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলন করে এ জরিপের তথ্য প্রকাশ করেন শ্রমিক সংগঠনটির সভাপতি মোশরেফা মিশু। এ সময় তিনি ঈদের আগে বেতন-বোনাস পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।
মোশরেফা মিশু বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে ২৬ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষ এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করছে না।এ ক্ষেত্রে ফাঁকির সুযোগ রয়ে গেছে। পুরো মাসের বেতন দেওয়া হবে কি না, কত ভাগ বোনাস দেওয়া হবে, সে বিষয়ে মন্ত্রণালয় পরিষ্কার করে কিছু বলেনি।
এর আগে গত মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বৈঠক করেন।পরে প্রতিমন্ত্রী সংবাদ বিফ্রিংয়ে বলেন, জুন মাসের বেতন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। চলতি মাসের বেতনের অংশ ২৬ জুলাইয়ের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।মালিকেরাও এতে সম্মত হয়েছেন।
শ্রমিক ঐক্য ফোরামের জরিপের বিষয়ে জানতে চাইলে পোশাক কারখানার মালিকদের সমিতি বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘এ রকম হলে তো মালিকদের কেউই ঈদ করতে পারবেন না।’ তিনি বলেন, ঈদের আগে শ্রমিকেরা যেন বেতন ও বোনাস পান, সে বিষয়টি বিজিএমইএ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ২৫ জুলাই থেকে বেতন ও বোনাস দেওয়া শুরু হবে বলে জানালেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে শহিদউল্লাহ আজিম বলেন, ‘গতবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নিয়েছিল।এতে করে মালিকেরা ব্যাংক থেকে অগ্রিম নিয়ে শ্রমিকদের বেতন ও বোনাস দিয়েছিলেন। পরে তা শোধ করেছিলেন মালিকেরা।এবারও সরকারের কাছে আমরা সেই রকম একটা উদ্যোগ চাইছি।’ তাহলে ঝামেলা অনেক কম হবে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা শফিউল আলম, মমিনুর রহমান প্রমুখ।