ঈদের আগে বাড়ল মুরগির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ না থাকার অজুহাত দেখাচ্ছেন। নিউমার্কেট থেকে ছবিটি তোলা। প্রথম আলো
ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ না থাকার অজুহাত দেখাচ্ছেন। নিউমার্কেট থেকে ছবিটি তোলা। প্রথম আলো

রমজানের শুরুতে এক দফা বেড়েছিল দেশি ও ব্রয়লার মুরগির দাম। এখন ঈদের আগে আরেক দফা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, ঈদ সামনে রেখে বিক্রেতারা দাম বাড়িয়েছেন। আর ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ না থাকার অজুহাত দেখাচ্ছেন।

রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা গেল দেশি, ব্রয়লার, লেয়ার এ সোনালি জাতের মুরগির দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেল, ব্রয়লার মুরগি ওজনে আড়াই কেজির ওপরে এমন মুরগি কেজিপ্রতি ১৬০ টাকা, আড়াই কেজির নিচে এমন মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগির কেজি ৪৫০ থেকে ৫০০, সোনালি মুরগির কেজি ২৫০ টাকা, লেয়ার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অথচ রোজার শুরুতে সব ধরনের ব্রয়লার মুরগি ১৩০ থেকে ১৪০, দেশি মুরগি ৩৪০ থেকে ৩৮০, লেয়ার মুরগি ১৫০ টাকা, সোনালি মুরগি ২২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মো. সেলিম বলেন, ‘মুরগির চাহিদা বেশি, বেশি দামে আমাগো কিনতে হয়, এ জন্য বেশি দামে বেচতে হয়। হের লাইগাই দাম বেশি।’
আরেক বিক্রেতা আবুল বাশার বলেন, আগে শতকরা ১০ জন লোক বাজারে আসত, এখন ১০০ জনের মধ্যে ৯০ জনই বাজারে আসে। বাজারে মালের আমদানি কম, ক্রেতা বেশি, এ জন্যই দামও বেশি। রোজার শুরুতে এসব মুরগির দাম কম ছিল বলে জানান তিনি। ঈদের আগে প্রতিবছর এই সময় মুরগির দাম বেড়ে যায় বলে জানান তিনি।
ক্রেতারা জানান, ঈদের কয়েক দিন ঢাকার বিভিন্ন বাজার বন্ধ থাকবে। তাই আগাম বাজার করে নিচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে মুরগির বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। ঈদের পর বাজার খুললে দাম অনেক কমে যাবে বলে মনে করছেন তাঁরা।
হাতিরপুলে কথা হয় ধানমন্ডির বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের চাকরিজীবী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, রোজার শুরুতেও ব্রয়লার মুরগি কিনেছি ১৪০ থেকে ১৫০ টাকায়। এখন আবার বড়-ছোট দুই ধরনের মুরগির আলাদা করে দাম বেড়েছে। এ সময় বিক্রেতারা চড়া দামে বিক্রি করে সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
কাঁঠালবাগানের বাসিন্দা কবির হোসেন বলেন, ঈদের আগে বাজার করছি, মুরগির বাজারে এসে দেখলাম দেশি মুরগির দাম অনেক বেশি। ৭০০ গ্রাম ওজনের দুটি মুরগি চাওয়া হচ্ছে এক হাজার টাকা। বাধ্য হয়ে ব্রয়লার মুরগি কিনতে এসেছি, কিন্তু এই মুরগির দামও অনেক বেড়েছে।
অসহায়ত্ব প্রকাশ করে কবির হোসেন বলেন, ‘কই যাব বলেন?’
বেশ কয়েক বছরে ধরে কারওয়ান বাজারের পাইকারি মুরগি বিক্রি করেন মো. জামাল মিয়া। তিনি জানান, ঢাকার বাইরেও মুরগির চাহিদা অনেক। তাই দুই দিন ধরে ঢাকার বাইরে থেকে মুরগি আসছে কম। কিন্তু এই সময়েই ঢাকায় মুরগির চাহিদা বেশি। চাহিদামতো মুরগি না পাওয়ায় দাম বেড়েছে। বেশি দামে মুরগি কিনতে হচ্ছে, তাই দামও বাড়তি।