ঈদের আগে শেষ কার্যদিবসে গতকাল সোমবার ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। গ্রাহকের লেনদেন সারতে অনেক ব্যাংক শাখা সাধারণ অফিস সময় শেষেও খোলা ছিল।অন্যান্য অফিস-আদালতের মতো আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকগুলোও তিন দিন ঈদুল আজহার জন্য বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার নির্ধারিত সাপ্তাহিক ছুটি। ফলে কিছু ব্যতিক্রম ছাড়া টানা পাঁচ দিনের বন্ধের মধ্যে ঢুকছে ব্যাংকগুলো। আগামী রোববার আবার ব্যাংকগুলো খোলা হবে।এদিকে টানা বন্ধের আগে গতকাল গ্রাহকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লেনদেন সারতে হয়েছে। বেলা দুইটার দিকে মতিঝিলে এক বাণিজ্যিক ব্যাংকের শাখার গেটে উঁকি দিয়ে দেখা যায়, জনা পঞ্চাশেক গ্রাহক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁদের বেশির ভাগই টাকা তুলতে লাইনে ছিলেন দীর্ঘ সময়।একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করেও সারি করে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। এসব গ্রাহক এটিএম (অটোমেটেড টেইলার মেশিন) কার্ডে টাকা তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন। গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল থাকায় গ্রাহকদের অনেকেই ব্যাংকে এসে টাকা তুলতে পারেননি। এর ফলে গতকাল বাড়তি চাপ সামলাতে হয়েছে ব্যাংকগুলোকে।ঈদ সামনে রেখে গ্রাহকের এই অতিরিক্ত অর্থ উঠানোর চাপে গত কয়েক দিন ধরে চাহিদার তুলনায় ব্যাংকগুলোতে নগদ অর্থের জোগান কম ছিল। গতকাল এ চাহিদা আরও বাড়ে। এতে অনেক ব্যাংকে নগদ অর্থের বেশ সংকটও দেখা দেয়। জানা গেছে, কোনো কোনো ব্যাংক শাখায় বড় অংকের অর্থ উত্তোলনের মতো প্রয়োজনীয় টাকা ছিল না। নগদ টাকা জোগাড় করে তারপর গ্রাহকের চাহিদা মেটাতে হয়েছে।ব্যাপক এই চাহিদার চাপ শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে মুদ্রাবাজারের ওপর। অনেক ব্যাংককে তাই মুদ্রাবাজার থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার (কলমানি) করতে হয়েছে উচ্চ সুদে। গতকাল শেষ পর্যন্ত কলমানির সুদের হার গিয়ে ঠেকে সর্বোচ্চ ২৫ শতাংশে। আর সর্বনিম্ন সুদের হার ছিল ১৫ শতাংশ। আগের লেনদেন দিবস অর্থাৎ রোববারে কলমানির সুদের হার ছিল ১০ থেকে ২০ শতাংশের মধ্যে। অবশ্য গ্রাহকের বাড়তি টাকা উত্তোলনের চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংকও গতকাল মুদ্রাবাজারে বিপুল পরিমাণ অর্থ জোগান দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এদিন পাঁচ হাজার ৩৫০ কোটি টাকা জোগান দেয়। ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে তাদের ট্রেজারি বিল জমা রেখে রেপোতে (পুনঃ ক্রয় চুক্তি) দুই হাজার ৪১৭ কোটি টাকা ধার করে। এ ছাড়া প্রাইমারি ডিলার অর্থাৎ ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আরও দুই হাজার ৯৩৪ কোটি টাকা সহায়তা হিসেবে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের কার্যদিবসে রেপো ও তারল্য সহায়তা মিলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে জোগান দেয় সাড়ে চার হাজার কোটি টাকা।এদিকে ঈদের উৎসবে প্রিয়জনদের বিশেষত শিশুদের হাতে নতুন টাকার নোট তুলে দিতে গ্রাহকদের মধ্যে বরাবরের মতো আগ্রহ দেখা গেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকদের নতুন টাকার নোট সংগ্রহের জন্যও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক এবার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট সরবরাহ করেছে।