ঈদের আগে ব্যাংকে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ ও দুর্গাপূজা উৎসবের আগে কেবল আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকছে। তারপর উৎসব ও সাপ্তাহিক মিলে টানা পাঁচ দিনের ছুটি।
কিন্তু, অন্যান্যবারের মতো এবার মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা ও হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে সামনে রেখে গতকাল বুধবার ব্যাংকগুলোতে তেমন উপচে পড়া ভিড় দেখা যায়নি। বিপুলসংখ্যক স্বয়ংক্রিয় টাকা তোলার যন্ত্রের (এটিএম) কারণে ব্যাংকগুলোতে ভিড় কমেছে।
দুপুরের দিকে মতিঝিলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় গিয়ে বিপুলসংখ্যক গ্রাহককে একত্রে সারিবদ্ধ দেখা যায়নি। রাষ্ট্রীয় খাতের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে নিচে অবস্থিত স্থানীয় কার্যালয়ের ভেতর উঁকি দিয়ে দেখা গেল জনা পঞ্চাশেক গ্রাহক দাঁড়িয়ে আছেন। অন্যান্যবার এই সময় অনেক ভিড় থাকত।
তবে দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করে সারি করে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। এসব গ্রাহক এটিএম (অটোমেটেড টেইলার মেশিন) কার্ডে টাকা তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন।
অবশ্য সকাল ১০টার আগেই ব্যাংকের বাইরে কোথাও কোথাও ভিড় করে গ্রাহককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাজধানীর শংকরে বেসরকারি ন্যাশনাল ব্যাংকের সামনে এমন ভিড় দেখা গেল। কয়েকটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করতে এই ভিড় হয় বলে জানা গেছে।
ঈদ ও পূজা উৎসবে নিকটজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই ঢাকার লাখ লাখ মানুষ গ্রামমুখী হয়েছে। আনন্দ-উৎসবে প্রিয়জনদের উপহার দিতে কেনাকাটা হয়েছে রাজধানীসহ সারা দেশের ছোট-বড় সব ধরনের বাজারে। এখন বিশেষত ঢাকায় কোরবানির পশু কেনার জন্য বড় প্রস্তুতি চলছে। এদিকে ঢাকা শহরের তীব্র যানজট গতকাল কিছুটা কমে আসে। ঈদের উৎসবে মানুষের মধ্যে ব্যতিব্যস্ততা সৃষ্টি হয়েছে। এসব সত্ত্বেও অনেক গ্রাহককে গতকাল কোনো কোনো ব্যাংকের কাউন্টারে লম্বা সময় কাটাতে হয়েছে।
গত কয়েক বছরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ এমনকি কোনো কোনো ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তাই এবার ঈদ সামনে রেখে গ্রাহকের অধিক অর্থ ওঠানোর পরও বেশির ভাগ ব্যাংকের নগদ অর্থের জোগানে টান পড়েনি। ফলে মুদ্রাবাজারে নগদ অর্থের সুদে কারবারে মন্দা চলছে। স্বল্প সময়ের জন্য ধার করা এই অর্থের সুদের হার (কলমানি রেট) গতকাল সর্বোচ্চ ৯ দশমিক ২৫ এবং সর্বনিম্ন ৬ শতাংশ ছিল। এ দিন লেনদেন হয়েছে আট হাজার ১৮৪ কোটি টাকা।
একটি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে বেরিয়ে এসে গ্রাহক আরিফুর রহমান জানান, আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে তিনি টাকা তুলতে পেরেছেন।
গত কয়েক দিনের মতো গতকালও বিভিন্ন ব্যাংকের শাখায় লাইনে দাঁড়িয়ে গ্রাহককে নতুন টাকার নোট সংগ্রহ করতে দেখা গেছে। ঈদে প্রিয়জন, বিশেষত শিশুদের হাতে নতুন টাকা তুলে দিতে গ্রাহকের এই আগ্রহ। তবে এবার পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা সরবরাহ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণে নতুন টাকা সরবরাহ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকাকালে এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বুথগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে।