ঈদের আগে লেনদেন সারতে ব্যাংকে ভিড়

ঈদের আগে গতকাল রোববারই ছিল শেষ কার্যদিবস। এরপর টানা তিন দিন ঈদের ছুটি। আর ঈদ যদি বুধবার হয়, সে ক্ষেত্রে ঈদের ছুটি এক দিন বাড়বে। তাতে ব্যাংকগুলো আরও তিন দিনের ছুটির মধ্যে ঢুকে পড়বে।
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে তাই গতকাল ব্যাংকগুলোতে প্রয়োজনীয় লেনদেন সারতে বেশ ভিড় দেখা গেছে। বেলা একটার পরে মতিঝিলে এক বাণিজ্যিক ব্যাংকের শাখায় উঁকি দিয়ে দেখা গেল জনা পঞ্চাশেক গ্রাহক লাইনে দাঁড়িয়ে আছেন।
দিলকুশায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিচে দুই দিকে মুখ করেও সারি করে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। এসব গ্রাহক এটিএম (অটোমেটেড টেইলার মেশিন) কার্ডে টাকা তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন।
ঈদ উৎসবে নিকটজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই ঢাকার লাখ লাখ মানুষ গ্রামমুখী হয়েছেন। আনন্দ-উৎসবে প্রিয়জনদের উপহার দিতে কেনাকাটার ধুম চলেছে রাজধানীসহ সারা দেশের ছোট-বড় সব ধরনের বাজারগুলোতে। এখন বিশেষত ঢাকার শপিংমলগুলোর সামনে যানজট সৃষ্টি হয়েছে ক্রেতাদের ভিড়ে।
তবে ঢাকা শহরে তীব্র যানজট গত দুই দিন কিছুটা কম ছিল। ঈদের উৎসবে মানুষের মধ্যে ব্যতিব্যস্ততা তৈরি হয়েছে। এসব সত্ত্বেও অনেক গ্রাহককে গতকাল কোনো কোনো ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে লম্বা সময় কাটাতে হয়েছে। তবে অন্যবারের তুলনায় এবার ব্যাংকগুলোতে গ্রাহকদের অর্থ উত্তোলনে কম সময় লেগেছে।
গত কয়েক বছরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যথেষ্ট পরিমাণ এমনকি কোনো কোনো ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। তাই এবার ঈদ সামনে রেখে গ্রাহকের অধিক অর্থ ওঠানোর পরও বেশির ভাগ ব্যাংকের নগদ অর্থের জোগানে টান পড়েনি। ফলে মুদ্রাবাজারে নগদ অর্থের সুদে কারবারে মন্দা চলেছে। স্বল্প সময়ের জন্য ধার করা এই অর্থের সুদের হার বা কলমানি রেট গতকাল সর্বোচ্চ ৮ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত ওঠে। তবে এই হার ছিল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধার নেওয়া সুদের হার। ব্যাংকগুলোর মধ্যে এই হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত।
অবশ্য এরপরও কোনো কোনো শাখা ব্যাংকে হঠাৎ নগদ টাকা ফুরিয়ে যাওয়ায় গ্রাহককে অপেক্ষা করতে হয়েছে আরেক শাখা থেকে অর্থ আসার আগ পর্যন্ত। মতিঝিলে দ্বিতীয় জেনারেশনের এক ব্যাংকের একটি শাখায় নগদ অর্থ ফুরিয়ে গেলে গ্রাহকদের সামাল দিতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের কম্পিউটার সিস্টেমে সমস্যা হয়েছে বলে ঘণ্টা খানেক গ্রাহকদের আটকে রাখে।
একটি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে বেরিয়ে এসে গ্রাহক আক্তার হোসেন জানান, এক ঘণ্টা অপেক্ষা করে টাকা তুলতে পেরেছেন তিনি। গতকাল সকাল থেকেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় গ্রাহকের সারি ছিল। তবে বড় শাখা ব্যাংকগুলোতেই ছিল ভিড়।
গত কয়েক দিনের মতো গতকালও বিভিন্ন ব্যাংকের শাখা থেকে লাইনে ভিড় করে গ্রাহককে নতুন টাকার নোট সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঈদে প্রিয়জন, বিশেষত শিশুদের হাতে নতুন টাকা তুলে দিতে গ্রাহকের এই আগ্রহ। তবে এবার পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা সরবরাহ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণে নতুন টাকা সরবরাহ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশে ব্যাংকগুলোকে তাদের এটিএম ও পজ নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে বলেছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। অনিবার্য কারণবশত কোনো ব্যাংকের এটিএম বুথ বা পজ সেবা বন্ধ থাকলে তাৎক্ষণিক গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।