বিরোধী দলের ডাকা হরতালের পরের ও ঈদের আগের শেষ কার্যদিবসে আরও বেশি চাঙাভাব লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুই স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ও বাজার মূলধনের ফের রেকর্ড হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।এদিকে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার মিলে সাপ্তাহিক ছুটি থাকছে আরও দুই দিন। সব মিলিয়ে টানা পাঁচ দিন দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বন্ধ থাকবে। পরবর্তী লেনদেন শুরু হবে আগামী রোববার।সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছিল। এর প্রভাবে ওই দিন স্টক এক্সচেঞ্জটির সাধারণ সূচক বেড়েছিল ১২০ পয়েন্টের মতো। গতকাল দিনশেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৩৬ পয়েন্ট বেড়ে আট হাজার ৪৪৩ পয়েন্ট অতিক্রম করে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৪২৪ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৯৪২ পয়েন্ট অতিক্রম করে। উভয় স্টক এক্সচেঞ্জের ইতিহাসেই এটি সর্বোচ্চ সূচক।এভাবে সূচক বাড়ার প্রভাব পড়েছে বাজার মূলধনেও। গতকাল এক দিনেই বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার ৫৮৯ কোটি টাকা। এর ফলে মোট বাজার মূলধনের তিন লাখ ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫১ দশমিক ৪১ শতাংশ।বাজার বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর ধরে লক্ষ করা যাচ্ছে, ঈদের আগে বাজার বাড়ছে। এর একটা বড় কারণ হতে পারে ঈদের ঠিক আগে আগে শেয়ার বিক্রি করে টাকা ওঠানো যায় না। তাই এ সময় শেয়ার বিক্রির চাপ তুলনামূলক কম থাকে। আবার যাঁরা ঈদের ছুটিতে ঢাকা বা দেশের বাইরে যান, তাঁরা ছুটির পর নবউদ্যমে বিনিয়োগ শুরু করেন। এ সময় সাধারণত বাজার চাঙা হয়ে ওঠে। এর সুযোগ নিতে অনেকে আগে থেকেই অবস্থান নিচ্ছেন। এ বিষয়টিও ঈদের আগে বাজার চাঙা হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে।তা ছাড়া সরকারি শেয়ার ছাড়ার ঘোষণার পর থেকে বাজার নজরদারিতেও এ ধরনের শিথিলতা লক্ষ করা যাচ্ছে। এ ঘটনাও অনেক বিনিয়োগকারীকে অতি উৎসাহিত করে থাকতে পারে। তবে বাজার নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাজার-পরিস্থিতি: আগের দিনের ধারাবাহিকতায় গতকাল দিনের শুরু থেকেই চাঙাভাব ছিল দেশের শেয়ারবাজারে। লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইর সাধারণ সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। ওই সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশির ভাগই ছিল দাম বাড়ার তালিকায়। এরপর সময় যত গড়িয়েছে, বাজার ততই বেড়েছে। তবে ব্যাংকিং খাতের শেয়ার ছিল এ ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায়। টেলিযোগাযোগ, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও সিমেন্ট খাতের কোম্পানিগুলোও পিছিয়ে ছিল না।ডিএসইতে গতকাল ২৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৪১টির ও অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া শেয়ারের মোট মূল্য দুই হাজার ৫৭৩ কোটি টাকা, যা আগের দিনের লেনদেনের চেয়ে ৩৭০ কোটি টাকা বেশি। সিএসইতে লেনদেন হয়েছে ১৯০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম।