ঈদের আগেই চট্টগ্রামে আনবে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরে কোরবানির ঈদের আগেই ঢাকার পাশাপাশি চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি থ্রিজি সেবা চালু করবে গ্রামীণফোন। এরপর পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরের মধ্যে পুরো চট্টগ্রাম শহরে এ সেবা পৌঁছে দেবে কোম্পানিটি।
নগরের একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বনকে। তিনি জানান, চট্টগ্রামসহ সাত বিভাগীয় শহরে ডিসেম্বরের মধ্যেই গ্রামীণফোনের থ্রিজি সেবা পৌঁছে দেওয়া হবে। আর আগামী বছরের মার্চ নাগাদ সারা দেশ এই সেবার আওতায় আসবে।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন ও করপোরেট কমিউনিকেশনসের প্রধান তাহমীদ আজিজুল হক উপস্থিত ছিলেন।
অ্যালান বনকে জানান, এ দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এ কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রামেও একই সময়ে থ্রিজি সেবা চালু করা হচ্ছে। সে অনুযায়ী ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদ, ১৪ নভেম্বর খুলশী, ২৪ ডিসেম্বর পাহাড়তলী, কক্সবাজার ও সেন্ট মার্টিন, ২৬ ডিসেম্বর কোতোয়ালি, ২৯ ডিসেম্বর হালিশহর, ইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে (চুয়েট) সেবাটি চালু করা হবে।