ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার আগেই তৈরি পোশাকশ্রমিকদের ঈদ বোনাস, আগস্ট মাসের বেতনসহ সব পাওনা পরিশোধ করতে কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫তম সভায় শ্রম প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সভায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মনসুর খালেদ বলেন, বিজিএমইএর সদস্য মালিকেরা ২৪ আগস্টের মধ্যে ঈদ বোনাস বা উৎসব ভাতা প্রদান করবেন। তিনি বলেন, চলতি মাসে মালিকেরা গত জুলাইয়ের বেতন পরিশোধ করেছেন। আবার আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দিতে হবে। এক মাসের মধ্যে তিনটি বেতন-ভাতা সব কারখানার মালিক দিতে পারবেন কি না সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক আশা প্রকাশ করে বলেন, তৈরি পোশাকশিল্প মালিকেরা ঈদের আগেই শ্রমিকের পাওনা পরিশোধ করবেন। বেতন-ভাতা নিয়ে কোনো ধরনের সমস্যা হলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নিতে মালিকদের পরামর্শ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিক প্রতিনিধিরা ঈদের আগেই বোনাস ও আগস্ট মাসের বেতন পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি করেছিলাম। তবে সেটি করা হয়নি।’

সভায় ঈদুল আজহার আগে পোশাক কারখানা পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে মহাসড়কগুলোতে যানজট এড়ানো যায়।

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আবদুল্লাহ মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. শামছুজ্জামান ভূঁইয়া, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন, শিল্প পুলিশের মহাপরিচালক মো. নওশের আলী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক হালিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।