ঈদের আগেই পোশাক শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ
আসন্ন ঈদের আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে কারখানার মালিকদের অনুরোধ করেছে পোশাকশিল্প খাতে গঠিত ক্রাইসিস প্রতিরোধ কমিটি। একই সঙ্গে কমিটি পোশাকশ্রমিকেরা যেন আনন্দমুখর পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা চেয়েছে। আশুলিয়া-সাভার জোনের এই কমিটির সভা গত শনিবার এক কারখানায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ তৌহিদ জং। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সহসভাপতি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রফিক, শিল্প পুলিশের পরিচালক আবদুর রউফ খান, প্রধান কলকারখানা পরিদর্শক হাবিবুর রহমান, শ্রমিকনেত্রী শামিমা নাসরিন, লিমা ফেরদৌসী প্রমুখ।