ঈদের আগেই শিল্পনীতি চূড়ান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার এবং সরকারি-বেসরকারি অংশীদারিকে (পিপিপি) অগ্রাধিকার দিয়ে শিল্পনীতি-২০১০ চূড়ান্ত করা হচ্ছে। ঈদের আগেই মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হতে পারে। শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তি খাতকে শিল্প খাতের নিয়ামক বিবেচনা করে শিল্পনীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি খাতের দক্ষতা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার-সহায়ক এবং তদারকিমূলক ভূমিকা পালন করবে। তবে অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হবে পিপিপি।আর পুঁজিবাজার নিয়ে বলা হয়েছে, এ বাজারকে শক্তিশালী করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সার্বক্ষণিক নজরদারি, কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থাকে শক্তিশালীকরণ, বন্ড মার্কেটের উন্নয়ন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া, পুঁজিবাজারে নতুন নতুন পদ্ধতি ও উপায় প্রবর্তন এবং বড় আকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা বিধান করা হবে। তবে অগ্রাধিকার দেওয়া হলেও খসড়া শিল্পনীতিতে পুঁজিবাজার ও পিপিপি নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা বা ধারণা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খসড়া বিশ্লেষণ করে তাঁরা বলেছেন, পুঁজিবাজার ও পিপিপি-সংক্রান্ত যেসব ধারা-উপধারা যুক্ত করা হচ্ছে, তা অস্পষ্ট ও গতানুগতিক। পুঁজিবাজার নিয়ে যেসব কথা বহু বছর ধরে বলা হচ্ছে, প্রস্তাবিত শিল্পনীতিতে সেগুলোই সন্নিবেশিত করা হয়েছে। পিপিপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নতুন ও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেই শিল্পনীতিতে।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিল্পনীতির খসড়াটি তৈরি করা হলেও বর্তমান সরকারের দেড় বছর ধরেই এটির ঘষামাজা ও সংযোজন-বিয়োজন চলছে। ইতিমধ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে এই শিল্পনীতির খসড়া।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অবশ্য প্রথম আলোকে বলেছেন, বিসিক শিল্পনগরী নতুন করে করা হবে কি হবে না এবং বিএসটিআইকে বেসরকারি খাতে ছাড়া হবে কি হবে না—এ দুই বিষয়ের কারণে শিল্পনীতির চূড়ান্ত অনুমোদনে দেরি হচ্ছে। তবে বঙ্গবন্ধুর দর্শনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিসিকে নতুন শিল্পনগরী হবে এবং বিএসটিআইও সরকারি খাতেই থাকবে।ঈদের আগেই তা মন্ত্রিসভায় অনুমোদন পেতে পারে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।পুঁজিবাজার: খসড়া শিল্পনীতির একটি অনুচ্ছেদে পুঁজিবাজার নিয়ে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারের উন্নয়ন অবস্থা পর্যালোচনা করার উদ্দেশ্যে এসইসি, আর্থিক প্রতিষ্ঠান ও প্রধান প্রধান বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।এ ছাড়া ক্ষেত্রবিশেষে শেয়ার ছাড়ার মাধ্যমে ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় বা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় সরকারি, বেসরকারি, দেশি, বিদেশি অংশীদারিত্বে লিমিটেড কোম্পানিতে রূপান্তরের বিষয়টিও সরকার বিবেচনা করবে।আরেকটি অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে এবং সেসব শিল্প খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা সৃষ্টি করা হবে। সেজন্য প্রযুক্তি বা ব্যবস্থাপনা উন্নয়নে দেশি, বিদেশি বা বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে চুক্তিভিত্তিক সহযোগিতা।আরও বলা হয়েছে, অনাবাসীরা বাংলাদেশি কোম্পানিগুলোর নতুন ছাড়কৃত শেয়ার বা ঋণপত্র (ডিবেঞ্চার) কিনতে পারবেন। প্রাথমিক সাধারণ শেয়ারের ক্ষেত্রে অনাবাসী বাংলাদেশিদের জন্য ১০ শতাংশ শেয়ার সংরক্ষিত থাকবে। পিপিপি: খসড়া শিল্পনীতিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নের সব প্রচেষ্টায় ব্যক্তি খাতের অংশগ্রহণ এবং শক্তি খাতে পিপিপিকে সক্রিয়ভাবে উত্সাহিত করা হবে। বিদ্যুৎ, গ্যাস, বন্দর-সুবিধা, সড়ক ও রেলপথ পরিবহন, টেলিযোগাযোগ ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রয়োজনের প্রতি প্রাধিকারমূলক দৃষ্টি দেওয়া হবে। নিশ্চিত করা হবে বিদ্যুৎ উত্পাদনে গ্যাস ও কয়লার সর্বোচ্চ বা কাম্য ব্যবহার। নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি, মিউনিসিপ্যাল গার্বেজ থেকে বিদ্যুৎ উত্পাদন, বায়োগ্যাস ইত্যাদির প্রসারে পদক্ষেপ নেওয়া হবে।আরও বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি খাতের পরিপূরক ও প্রতিযোগী হিসেবে উপস্থিত করা হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারি প্রতিষ্ঠায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় কলকারখানা পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। এমপ্লয়ি ওনড স্টক প্রোগ্রামের (ইওএসপি) আওতায় ক্ষেত্রবিশেষে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অনুকূলে বিরাষ্ট্রীয়করণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।খসড়া শিল্পনীতিতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ সরকারি থেকে ক্রমান্বয়ে পিপিপির দিকে প্রাধিকার দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে একটি প্রকল্প থেকে যুক্তিসংগত মুনাফা লাভে সহায়তা করতে সরকারি খাত ব্যক্তি খাতের একজন বিনিয়োগকারী ডেভেলপারকে বিশেষ ধরনের সাহায্য দেবে।এ ছাড়া রুগ্ণ শিল্পের অভিশাপ থেকে দেশকে পরিত্রাণ পেতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রণয়ন করা হবে রুগ্ণ শিল্প আইন। যেসব রুগ্ণ শিল্প পুনরায় চালু করার সুযোগ বা সম্ভাবনা নেই, সেগুলো শনাক্ত করা হবে। ১৫ বছর ধরে যে শিল্প রুগ্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে শিল্প খাত থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।