ঈদের আগেই স্বীকৃত বিলের দায় মেটানোর নির্দেশ
সোনালী ব্যাংকের হলমার্ক জালিয়াতির পর থেকে অভ্যন্তরীণ বিল প্রদানের ক্ষেত্রে (আইবিপি) ব্যাংকগুলো বেশ সময় নিচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্যে বিশেষ করে রপ্তানিমুখী পোশাকশিল্পে নেতিবাচক প্রভাব পড়ায় ঈদের আগেই স্বীকৃত বিলের দায় মেটাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বাসসের।গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এবিবি) ও পোশাক ব্যবসায়ীদের সংগঠনগুলোর এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বলা হয়, রপ্তানির বিপরীতে ঋণপত্রের বিল পেতে যে সমস্যা দেখা দিয়েছে তা নিরসনে ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে বলা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, হলমার্ক কেলেঙ্কারির কারণে আইবিপি প্রদানে কড়াকড়ি আরোপ করায় ব্যবসায় এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছিল। তবে ঈদের আগেই বেশির ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের অপর দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও বেগম নাজনীন সুলতানা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নূরুল আমিন, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহামঞ্চদ হাতেম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, গার্মেন্ট এক্সেসরিজ সমিতির সভাপতি রাফেজ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।