ঈদের ছুটি শেষে ডিএসইতে চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙাভাবের মধ্য দিয়ে শেষ হলো লেনদেন। দিন শেষে বাড়ল সূচক ও লেনদেন দুই-ই। আজ সারাদিনই সূচকের তির ছিল ঊর্ধ্বমুখী। একই সঙ্গে বাড়ে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচক ১২৭ পয়েন্ট বেড়ে ৪,৩৮৩ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের শুরু থেকেই সূচকের তির উঠতে থাকে। ২০ মিনিটের মাথায় সূচক ৩০ পয়েন্ট বাড়ে। এক ঘণ্টায় বাড়ে ৭১ পয়েন্ট। দেড় ঘণ্টায় বাড়ে ৯৫ পয়েন্ট। দুই ঘণ্টায় সূচক বাড়ে ১০১ পয়েন্ট। বেলা আড়াইটায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৪৪ পয়েন্ট ছিল। এরপর কিছুটা কমে সাধারণ মূল্যসূচকের অবস্থান দাঁড়ায় ৪,৩৮৩ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৩টিরই দাম বাড়ে। কমে ২৪টির আর অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫২৫ কোটি টাকার লেনদেন হয়। যা ঈদের আগে শেষ কার্যদিবস অর্থাত্, গত ১৪ আগস্টের চেয়ে প্রায় ১৬৩ কোটি টাকারও বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি., যমুনা অয়েল, তিতাস গ্যাস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি., গ্রামীণফোন, বেক্সিমকো, কেয়া কসমেটিকস লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স এবং জিপিএইচ ইস্পাত।