ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদের ছুটির সময়ে ব্যাংকগুলোর এটিএমে (অটোমেটেড টেলার মেশিন) পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল) নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ১৯ জুলাই দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে। ছুটির এ সময়ে জনসাধারণের আর্থিক লেনদেনে যাতে অসুবিধা না হয়, সে জন্য এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ ও বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ ঝুলিয়ে রাখতে হবে। অনিবার্য কারণে কোনো ব্যাংকের সব এটিএম ও পিওএস সেবা বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে তা-ও গ্রাহকদের অবহিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহকেরা যাতে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে। এর বাইরে ই-পেমেন্ট গেইটওয়ে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে গণমাধ্যমে সতর্কতামূলক প্রচারণারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। তাই এ সময় গ্রাহকেরা অধিক হারে এটিএম, পিওএস ও ই-পেমেন্ট গেইটওয়ে ব্যবহার করে লেনদেন সম্পন্ন করবেন। তাই গ্রাহক স্বার্থ সংরক্ষণে উল্লিখিত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।