ঈদের ছুটির আগে শেষ লেনদেনে ঊর্ধ্বমুখী সূচক
এক দিনের মূল্য সংশোধনের পর দেশের শেয়ারবাজারের সূচক গতকাল মঙ্গলবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আর এটাই ছিল ঈদের ছুটির আগে শেয়ারবাজারে শেষ লেনদেন।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ১১৩ শতাংশ। ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ আবারও ৩৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাজারে একই ধরনের আচরণ পরিলক্ষিত হচ্ছে। কয়েক দিনে সূচক কিছুটা বৃদ্ধি পাওয়ার পর আবারও কমছে। লেনদেনের ক্ষেত্রেও বড় ধরনের কোনো পরিবর্তন ঘটছে না। এটির কারণ বাজারে তালিকাভুক্ত শেয়ারের দাম এতটাই নিচে নেমে গেছে যে এখান থেকে বড় ধরনের পতনের আশঙ্কা কম। এ ছাড়া শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় বেশির ভাগ সাধারণ বিনিয়োগকারীর পক্ষে তা আর বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ বিনিয়োগকারীদের বড় একটি অংশ মূল্যবৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। এতে সক্রিয় লেনদেনকারীর সংখ্যাও কমে গেছে।’মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘ক্রমাগত দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের অনেকের মধ্যেই হতাশা ভর করেছে। এ কারণে অনেকে বাজার থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও রয়েছেন অনেকটা ঝুঁকির মধ্যে। এ কারণে দেখা যাচ্ছে বাজার একটু বাড়তে শুরু করলেই বিক্রির চাপও বেড়ে যায়। এতে মনে হচ্ছে, যখনই সুযোগ পাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হয়তো শেয়ার বিক্রি করে নিজেদের অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করছে।’দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৫৬ পয়েন্টে। গত ২৬ জুলাইয়ের পর এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। সর্বশেষ ২৬ জুলাই ডিএসইর সাধারণ সূচক ছিল প্রায় চার হাজার ২৮৫ পয়েন্টে।ঢাকার বাজারে গতকাল ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টিরই দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে গতকাল ডিএসইতে প্রায় ৩৬৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৪ কোটি টাকা বেশি।মঙ্গলবার ডিএসইতে দর বাড়ার শীর্ষ তিন কোম্পানির প্রতিটিই ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি। এগুলো হলো: আমরা টেকনোলজিস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৯টিরই দাম বেড়েছে, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৮৩৬ পয়েন্টে।