ঈদের ছুটির পর থেকে নেতিবাচক ধারায় শেয়ারবাজার
ঈদ-পরবর্তী পাঁচটি কার্যদিবসের সব কটিতেই দেশের উভয় শেয়ারবাজার নেতিবাচক ধারায় রয়েছে। এই কয়েক দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ১৫৮ পয়েন্ট। প্রতিদিনের গড় লেনদেন কমে ৩৩১ কোটি টাকায় নেমে এসেছে। টানা পতনের ধারাবাহিকতায় গতকাল সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৯৪ পয়েন্টে। এটি প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ডিএসইর এ সূচক চার হাজার ৩৫৭ পয়েন্টে নেমেছিল। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলো জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করেছে। বিশেষ করে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের আয় কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ারের দামে। কারণ শেয়ারবাজারের সূচকের উত্থান-পতনের ক্ষেত্রে এই দুটি খাতের প্রভাব সর্বাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও গবেষণা সংস্থা ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘যদি সার্বিকভাবে কোনো খাতের অধিকাংশ কোম্পানির আয় কমে যায়, তাহলে সেটি বাজারের জন্য নেতিবাচক। তবে গতকালের দরপতনের পেছনে ভূমিকা রেখেছে অমনিবাস হিসাব বন্ধের সিদ্ধান্তের খবরটি।’মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘বাজার যখন নেতিবাচক ধারায় চলতে থাকে, তখন একটি গোষ্ঠী নিজেদের ফায়দা হাসিলের জন্য ছোটখাটো নেতিবাচক খবরকে আরও অনেক বড় করে তোলে। তাই নিয়ন্ত্রক সংস্থারও উচিত, কিছুদিন পর পর একেকটি বিষয়ে সিদ্ধান্তের কথা আলাদা আলাদাভাবে না জানিয়ে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার মাধ্যমে আগেভাগে সবার সামনে স্পষ্ট করে তোলা।’ ঢাকার বাজারে গতকাল ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৫৮টির, বেড়েছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ২৮টির। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমেছে প্রায় ১৬ পয়েন্ট। এদিন ঢাকার বাজারে প্রায় ৩১০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম। লেনদেনের দিক থেকে এদিন ডিএসইতে শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। গতকালই কোম্পানিটি তাদের চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে এই প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর প্রভাবে সোমবার দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১১৯টির, বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ১৫টি শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১২ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।