ঈদের পর কমেছে আদা-রসুনের দাম, স্বস্তি ইলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। লম্বা ছুটি কাটিয়ে এসে বাজারেও স্বস্তি মিলছে নগরবাসীর। ঈদের আগে আদা-রসুনসহ বিভিন্ন মসলার দাম ছিল বেশ চড়া। এখন দাম কমতে শুরু করেছে। ইলিশের কারণে মাছের বাজারও বেশ সহনীয়।

আজ সোমবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মানভেদে আদার দাম কমেছে কেজিতে প্রায় ৩০ টাকা। বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। গেল সপ্তাহেও ১০০ টাকার নিচে মেলেনি এক কেজি আদা। এমনকি ঈদের আগে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আদা।
কমেছে রসুনের দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। গত সপ্তাহে ভালো মানের রসুনের দাম কেজিপ্রতি ছিল ২০০ টাকা। কমেছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি ১২৫ থেকে ১৩৫ টাকা কেজি। অবশ্য বেশির ভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
চলতি সপ্তাহে ইলিশের জোগানের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে চাহিদা। একটি-দুটি নয়, হালি ধরে কিনছেন বেশির ভাগ ক্রেতা। টিসিবির তথ্যমতে, গত সপ্তাহেও এক কেজি ইলিশের দাম ছিল ৮০০ থেকে ১০০০ টাকা। চলতি সপ্তাহে এক কেজি ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ইলিশের ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
খিলগাঁওয়ের বাসিন্দা মুনিয়া আক্তার জানান, ঈদের আগে প্রয়োজন হতে পারে ভেবে অনেক বেশি দামে কয়েক কেজি আদা-রসুন কিনেছিলেন, এখন বাজারে এসে দেখেন, দাম অনেক কমেছে। মালিবাগ বাজার থেকে ২ হাজার ২০০ টাকায় চারটি ইলিশ কিনেছেন তিনি।
একই কথা জানালেন মিরপুরের বাসিন্দা মঞ্জুর ইসলাম। তিনি জানান, ঈদের পর ঢাকা এসে কারওয়ান বাজারে এসেছেন তিনি। প্রায় এক কেজি ওজনের দুই হালি ইলিশ কিনেছেন চার হাজার টাকায়।
ঈদের সময় অধিক চাহিদার একটা চাপ থাকে। তাই নিত্যপণ্যের দাম দাম কিছুটা বাড়ে বলে জানালেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল। আর তাই বাজার পর্যবেক্ষণ করে সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা এনে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে।