ঈদের পর প্রথম কর্মদিবসে ব্যাংক পাড়ায় নীরবতা
ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়া মতিঝিলের ব্যস্ততা মোটেও ফুটে ওঠেনি। যানবাহনের আনাগোনা ছিল যেমন খুব কম, তেমনি সাধারণ মানুষের চলাচলও ছিল অন্যান্য সময়ের চেয়ে অনেক অল্প। সব মিলে সুনসান নীরবতার মধ্যে গতকাল সোমবার অতিপরিচিত ব্যস্ত অফিস পাড়া মতিঝিলকে যেন ঠিক চেনা যাচ্ছিল না। রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের দিলকুশা শাখায় বেলা ১১টার দিকে টাকা তোলার একটি কাউন্টারে মাত্র একজন লোক দেখা গেল। এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের আগে পুরোপুরি কর্মব্যস্ততা ফিরে আসবে না ব্যাংক পাড়ায়।আরেকজন কর্মকর্তা বলেন, তিনি সকালে মিরপুরের পল্লবী থেকে মাত্র ২৫ মিনিটে অফিসে পৌঁছেছেন। এমনটা তিনি সাধারণ সময়ে ভাবতেই পারতেন না।শাপলা চত্বরের সামনে গাড়ি চলাচল করছে ঠিকই, তবে বেশি গাড়ি না থাকায় অতিসহজেই বাঁক নিতে পেরেছে যেকোনো পরিবহন। লাগোয়া সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গিয়েও গ্রাহক চোখে পড়ে না। অথচ ঈদের দুই দিন আগেও দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছে সাধারণ মানুষ। এটি দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক।ঈদের আগে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখাতে নতুন টাকা তুলতে গ্রাহকের উপচে পড়া ভিড় ছিল। সে তুলনায় গতকাল কাউন্টারগুলো একরকম শূন্য পড়ে থাকতে দেখা গেছে। উপস্থিত অফিস কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা, ঈদের শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি করেই বেশি সময় কাটিয়েছেন।বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হারও ছিল অনেক কম। ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে অনেকে ছুটি নিয়ে গ্রামে বেড়াতে গেছেন। জানা গেল, ছুটি ভোগকারী অনেক কর্মকর্তা-কর্মচারীই আগামী রোববার এসে কাজে যোগ দেবেন।একই রকম অবস্থা দেখা গেছে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল সীমিত। ফলে ব্রোকারেজ হাউসগুলোয় কোনো ভিড়ই ছিল না। বিভিন্ন ব্যাংকের তহবিল ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করে জানা যায়, আন্তব্যাংক মুদ্রাবাজারেও ছিল ঈদের ছুটির আমেজ। গতকাল এসব লেনদেনের সুদের হার ছিল (কলমানি) চার দশমিক ৭৫ থেকে সাড়ে নয় শতাংশের মধ্যে।অবশ্য এবার ঈদের আগেও কলমানির সুদের হার ছিল অত্যন্ত স্বাভাবিক। সূত্র মতে, ঈদের আগে কলমানির সুদের হার ছিল ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রে সাড়ে ১০ শতাংশ পর্যন্ত। কয়েক বছর আগেও কলমানির সুদের হার বেশি থাকায় এ নিয়ে সংবাদমাধ্যমে বড় প্রতিবেদন হয়েছে। এবার মুদ্রাবাজারের প্রায় সব প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত নগদ অর্থ থাকায় কলমানির সুদের হার স্বাভাবিক ছিল।